একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানকে গতকাল মঙ্গলবার ধানমন্ডির সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল পাঁচটা পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে।জিজ্ঞাসাবাদে উপস্থিত মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার এক কর্মকর্তা পরে প্রথম আলোকে মুঠোফোনে জানান, জিজ্ঞাসাবাদে কামারুজ্জামানকে মুক্তিযুদ্ধের সময়ে প্রকাশিত বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ দেখানো হয়। এসব সংবাদ ও তদন্তে পাওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয়। তিনি এ সময় স্বীকার করেন, মুক্তিযুদ্ধের সময় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর ভূমিকা ভুল ছিল। তবে তিনি কোনো অপরাধের সঙ্গে ব্যক্তিগত সংশ্লিষ্টতার অভিযোগ অস্বীকার করেন।জিজ্ঞাসাবাদ শেষে সেফ হোমের (জিজ্ঞাসাবাদের জন্য নির্ধারিত বাড়ি) বাইরে উপস্থিত সাংবাদিকদের তদন্ত সংস্থার ভারপ্রাপ্ত সমন্বয়ক এম সানাউল হক বলেন, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ এবং ঢাকায় মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগের বিষয়ে কামারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত বিভিন্ন পত্রিকার সংবাদ, ভিডিওচিত্র ও ঘটনার সাক্ষীদের সাক্ষ্যের ভিত্তিতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে কামারুজ্জামানকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।জামায়াতে ইসলামীর নেতাদের আইনজীবী তাজুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কামারুজ্জামানকে সেফ হোমে আনার পর অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় এক তদন্ত কর্মকর্তা তাঁকে জোরে ধাক্কা দেন। এতে তিনি মারাত্মক ব্যথা পেয়েছেন। তবে এ অভিযোগ নাকচ করে দিয়েছেন এম সানাউল হক। ১ জুন ট্রাইব্যুনাল কামারুজ্জামান ও জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তদন্ত সংস্থাকে অনুমতি দেন। আজ বুধবার কাদের মোল্লাকে সেফ হোমে জিজ্ঞাসাবাদ করা হবে।