জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার জবানবন্দি দিয়েছেন রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মোহাম্মদ হাসানুজ্জামান। জবানবন্দিতে তিনি বলেন, একাত্তরে কামারুজ্জামানসহ আলবদররা তাঁর ছোট ভাই বদিউজ্জামানকে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে নিয়ে যায়। পরে তাঁকে হত্যা করা হয়।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল হাসানুজ্জামানের জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে চিকিৎসক হাসানুজ্জামান জবানবন্দিতে বলেন, তাঁদের গ্রামের বাড়ি শেরপুরের নালিতাবাড়ী থানার কালীনগর গ্রামে। একাত্তরে তিনি ঢাকা ডেন্টাল কলেজে প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তাঁর ছোট ভাই বদিউজ্জামান তখন করাচিতে নৌবাহিনীতে চাকরি করতেন। ফেব্রুয়ারির শেষ দিকে এক মাসের ছুটিতে বদিউজ্জামান বাড়ি গেলে তিনিও বাড়ি যান।হাসানুজ্জামান বলেন, তাঁর শ্বশুরবাড়ি শেরপুরের রামনগর গ্রামে। বঙ্গবন্ধুর ভাষণের পর বদিউজ্জামান স্বাধীনতার পক্ষে কাজ করতে অনুপ্রাণিত হন। সেখানে আহমেদনগর স্কুলে পাকিস্তানি সেনাদের ক্যাম্প রেকি করতে ২৯ জুন বদিউজ্জামান তাঁর (সাক্ষী) শ্বশুরবাড়ি যান। রাত ১১টার দিকে ১০-১১ জনের একটি সশস্ত্র দল ওই বাড়ির উঠানে দাঁড়িয়ে ‘ভাই’ বলে ডাকে ও নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দেয়। মুক্তিবাহিনীর কথা শুনে বদিউজ্জামান উৎসাহ নিয়ে ঘর থেকে বেরিয়ে দলটির সঙ্গে কথা বলেন। তাঁর (সাক্ষী) চাচাশ্বশুর মকবুল হোসেন একটি বেঞ্চ এনে তাদের বসতে ও মুড়ি খেতে দেন। আরেক চাচাশ্বশুর সৈয়দুর রহমান ও চাচাতো ভায়রা জমসেদ আলী হারিকেন নিয়ে বাইরে আসেন। সৈয়দুর রহমান দেখেন, দলটি মুক্তিবাহিনীর নয়। দলটিতে অন্যদের মধ্যে আলবদর নেতা কামারুজ্জামান রয়েছেন। কামারুজ্জামান পাকিস্তানি সেনাদের ক্যাম্প দেখিয়ে দিতে বদিউজ্জামানকে বলেন।সাক্ষী আরও বলেন, বদিউজ্জামানকে নিয়ে কামারুজ্জামান ও তাঁর সহযোগীরা হেঁটে পাকিস্তানি সেনাদের ক্যাম্পের দিকে যান। মকবুল হোসেন বাড়ির বেঞ্চটিতে পড়ে থাকা গুলিভর্তি একটি বন্দুক ফেরত দিতে গেলে আলবদর সদস্যরা তাঁকেও সঙ্গে যেতে বলে। একপর্যায়ে মকবুল প্রস্রাব করার ভান করে বসে পড়েন এবং পরে দৌড়ে পাটখেতে গিয়ে গায়ের সাদা গেঞ্জি খুলে লুকিয়ে পড়েন। তাঁকে খুঁজে না পেয়ে আলবদর সদস্যরা বদিউজ্জামানকে নিয়ে পাকিস্তানি সেনাক্যাম্পে যায়। সেখানে সারা রাত বদিউজ্জামানকে নির্যাতন করা হয়। পরে ক্যাম্পে কাজ করা কয়েকজন শ্রমিক বদিউজ্জামানের সারা গায়ে নির্যাতনের চিহ্ন ও এক কান কাটা দেখেন। পরদিন তাঁকে ঝিনাইগাতী-শেরপুর সড়কে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়। ক্যাম্পের শ্রমিকেরা ও রাস্তার পাশের খেতে কাজ করা কৃষকেরা এ দৃশ্য দেখেছেন। বদিউজ্জামানের লাশ পাকিস্তানি সেনারা সেতুর নিচে পানিতে ফেলে দেয়।হাসানুজ্জামান বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ভাইকে হত্যার ঘটনা তিনি সৈয়দুর রহমান, মকবুল হোসেন ও জমসেদ আলী এবং প্রত্যক্ষদর্শী শ্রমিকদের সঙ্গে কথা বলে জেনেছেন। সৈয়দুর কামারুজ্জামানকে চিনতে পেরেছিলেন। তাঁদের কথার ভিত্তিতে তিনি একাত্তরে আলবদর নেতা কামারুজ্জামানসহ ১১ আলবদর সদস্যের বিরুদ্ধে মামলা করেন। তিনি বলেন, তিনি কামারুজ্জামানকে ব্যক্তিগতভাবে চেনেন না। তবে পত্রপত্রিকা ও টেলিভিশনে তাঁকে দেখেছেন।জবানবন্দি শেষে সাক্ষীকে একটি প্রশ্ন করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। পরে এই মামলার কার্যক্রম ৫ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।এর আগে এই মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মোশাররফ হোসেন তালুকদারকে জেরা শেষ করেন কফিল উদ্দিন চৌধুরী।