কামারুজ্জামানের আপিল কার্যতালিকায়

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে দেওয়া মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিল কার্যতালিকায় এসেছে।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃতাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে কাল সোমবারের কার্যতালিকায় বিষয়টি দুই নম্বর ক্রমিকে রয়েছে। অপর চার বিচারপতি হলেন—বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
যোগাযোগ করা হলে আজ রোববার রাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘রাষ্ট্রপক্ষ ইতিমধ্যে সারসংক্ষেপ জমা দিয়েছে। এখন কবে শুনানি হবে, অপরপক্ষ আপিলের সারসংক্ষেপ দিয়েছে কী না, সে বিষয়ে আদেশের জন্য বিষয়টি তালিকায় রয়েছে।’
মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। আপিলে সাজা বাতিল চেয়ে কামারুজ্জামানকে খালাস দেওয়ার আরজি জানানো হয়। গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে সোহাগপুর ‘বিধবাপল্লিতে’ নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন ট্রাইব্যুনাল। বদিউজ্জামান ও দারাসহ ছয়জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়। একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে কামারুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় যাবজ্জীবন ও ১০ বছরের শাস্তি মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে। রায় ঘোষণার ২৭ দিনের মাথায় আসামিপক্ষ আপিল করে। তবে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। তবে সারসংক্ষেপ জমা দিয়েছে।