
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিল শুনানির জন্য বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন৷ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে এই আপিলের ওপর শুনানি হবে৷
গতকাল রোববার রাত নয়টার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়৷ ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, এই বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী৷ আপিল বিভাগের আজ সোমবারের দৈনন্দিন কার্যতালিকায় ওই বেঞ্চে (এফ-বেঞ্চ) ‘মুহাম্মদ কামারুজ্জামান বনাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কেঁৗসুলি’ শিরোনামে বিষয়টি ৭৯ নম্বর ক্রমিকে রয়েছে৷
মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে দুটি মামলার শুনানি শেষ হয়েছে৷ প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে এ দুটি আপিলের শুনানি হয়৷ এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের দায়ে আপিল বিভাগের রায় অনুযায়ী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড গত ডিসেম্বরে কার্যকর হয়েছে৷ আর জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় অপেক্ষমাণ রয়েছে৷