মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর যুক্তি উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ। গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ ১৩তম দিনের মতো শুনানি গ্রহণ করেন।
গতকাল কামারুজ্জামানের পক্ষে শুনানি করেন আইনজীবী এস এম শাহজাহান। সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে এ সময় অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। সকাল ১০টা থেকে মাঝে বিরতি দিয়ে বেলা একটা পর্যন্ত শুনানি চলে। পরে শিশির মনির প্রথম আলোকে বলেন, তৃতীয় অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন শেষে চতুর্থ অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপন করা হচ্ছে। অভিযোগের সপক্ষে রাষ্ট্রপক্ষের সাক্ষীর বক্তব্যের অসংগতির দিকগুলো শুনানিতে উপস্থাপন করা হচ্ছে।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। দণ্ডাদেশের বিরুদ্ধে ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। চলতি বছরের ৫ জুন আপিলের শুনানি শুরু হয়।