মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর শুনানি আবার শুরু হয়েছে।
অবকাশ শেষে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এই আপিলের ওপর সপ্তম দিনের শুনানি গ্রহণ করেন। শুনানিতে ট্রাইব্যুনালের দেওয়া রায়ের অংশ–বিশেষ উপস্থাপন করে আসামিপক্ষ।
শুনানিতে কামারুজ্জামানের আইনজীবী নজরুল ইসলাম ট্রাইব্যুনালের রায় থেকে ২ ও ৩ নম্বর অভিযোগসংক্রান্ত অংশ উপস্থাপন করেন। তাঁর সঙ্গে ছিলেন আইনজীবী শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা সাত অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করেছে। এর মধ্যে সোহাগপুর ‘বিধবাপল্লীতে’ নির্বিচারে হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড; বদিউজ্জামান, দারাসহ ছয়জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে কামারুজ্জামানকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ায় যাবজ্জীবন ও ১০ বছরের শাস্তি মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে।
ওই সাজা বাতিল ও খালাস চেয়ে গত বছরের ৬ জুন কামারুজ্জামান আপিল করেন। ২৯ সেপ্টেম্বর আপিলের সারসংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ। ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। গত ৫ জুন আপিলের শুনানি শুরু হয়।