সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, খালাসের আরজি আসামিপক্ষের
কামারুজ্জামানের আপিলের রায় যেকোনো দিন
২০১০
১৩ জুলাই একাত্তরে পল্লবীতে গণহত্যার অভিযোগে মামলায় গ্রেপ্তার। ২ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়|
২০১৩
৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন ৬ জুন রায়ের বিরুদ্ধে কামারুজ্জামানের আপিল|
২০১৪
৫ জুন আপিলের শুনানি শুরু|
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের শুনানি গতকাল বুধবার শেষ হয়েছে। যেকোনো দিন আপিলের রায় ঘোষণা করবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ গতকাল আপিল শুনানি শেষে রায় অপেক্ষমাণ (সিএভি—কেস অ্যায়োটিং ভারডিক্ট) রাখেন। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন: বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
প্রায় পাঁচ মাস অপেক্ষমাণ থাকার পর গতকাল সকাল ১০টার দিকে আপিল বিভাগ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণার তিন ঘণ্টার মধ্যে কামারুজ্জামানের আপিলের শুনানি শেষ হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন আপিল বিভাগ।
গতকাল আপিল শুনানির ১৬তম ও শেষ দিনে প্রথমে যুক্তি উপস্থাপন শেষ করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি দাবি করেন, বিচারিক আদালতে যে পাঁচটি অভিযোগে কামারুজ্জামান দোষী সাব্যস্ত হয়েছিলেন, এর প্রতিটি অভিযোগ রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। এ জন্য আসামির সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডপ্রাপ্য।
পরে আসামিপক্ষের উপস্থাপিত যুক্তি সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন কামারুজ্জামানের আইনজীবী এস এম শাহজাহান। তিনি দাবি করেন, প্রতিটি অভিযোগের সঙ্গেই রাষ্ট্রপক্ষ সাক্ষী ও দালিলিক নথি উপস্থাপন করেছে। কিন্তু সাক্ষীদের জবানবন্দিতে দেওয়া ঘটনার বর্ণনায় যেমন অসংগতি রয়েছে, তেমনি অভিযোগের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বক্তব্যও রয়েছে। নিজেদের আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে, তাই আসামির খালাসের আরজি জানানো হচ্ছে।
শুনানি শেষ হলে উভয় পক্ষকে ধন্যবাদ জানিয়ে আপিল বিভাগ বলেন, উপস্থাপিত যুক্তি যদি কোনো পক্ষ লিখিতভাবে দিতে চায়, তবে তা দ্রুত জমা দিতে হবে। রায় সিএভি।
সর্বোচ্চ আদালতে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলার (আবদুল কাদের মোল্লা ও সাঈদী) আপিল নিষ্পত্তি হয়েছে। রায় অপেক্ষমাণ থাকল কামারুজ্জামানের আপিলের। আর আপিল শুনানির অপেক্ষায় রয়েছে তিনটি মামলা। আপিলের ক্রমানুসারে এর পরই রয়েছে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের মামলা। রাষ্ট্রপক্ষ আশা করছে, পবিত্র ঈদুল আজহা ও দুর্গাপূজা উপলক্ষে এক মাসের ছুটি শেষে আপিল বিভাগে গোলাম আযমের আপিল শুনানি শুরু হতে পারে। এরপর রয়েছে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর মামলা। আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা আবদুল আলীমের মৃত্যু হওয়ায় তাঁর আপিল গত মঙ্গলবার খারিজ করেছেন আপিল বিভাগ।
কামারুজ্জামানের বিরুদ্ধে যত অভিযোগ
গত বছরের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। এর মধ্যে সোহাগপুর ‘বিধবাপল্লিতে’ নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) দায়ে তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। বদিউজ্জামান এবং দারাসহ ছয়জনকে হত্যার (প্রথম ও সপ্তম অভিযোগ) দায়ে তাঁকে যাবজ্জীবন এবং একাত্তরে শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে (দ্বিতীয় অভিযোগ) ১০ বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ওই রায়ের বিরুদ্ধে গত বছরের ৬ জুন কামারুজ্জামান আপিল করেন। তবে রাষ্ট্রপক্ষ আপিল করেনি। চলতি বছরের ৫ জুন থেকে আপিলের শুনানি শুরু হয়। জামায়াতের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা ও নায়েবে আমির সাঈদীর আপিল শুনানি হয়েছিল প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে। কামারুজ্জামানের আপিল শুনানির জন্য বিচারপতি এস কে সিনহার নেতৃত্বে চার সদস্যের পৃথক বেঞ্চ গঠন করা হয়।
একাত্তরে রাজধানীর পল্লবী থানা এলাকায় সংঘটিত গণহত্যার অভিযোগে করা একটি মামলায় ২০১০ সালের ১৩ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছিল। ওই বছরের ২ অক্টোবর তাঁকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তিনি কারাগারে আটক আছেন।