কামারুজ্জামানের আপিলের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর শুনানি গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে৷ এর মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তৃতীয় মামলার শুনানি শুরু হলো৷
গতকাল আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন৷ বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী৷
কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও মো. নজরুল ইসলাম এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। কামারুজ্জামানের আইনজীবী নজরুল ইসলাম শুনানিতে পেপারবুক থেকে কামারুজ্জামানের বিরুদ্ধে প্রথম অভিযোগ (বদিউজ্জামান হত্যা), এই অভিযোগের পক্ষে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ফকির আবদুল মান্নান ও ষষ্ঠ সাক্ষী মো. হাসানুজ্জামানের সাক্ষ্য উপস্থাপন করেন৷ বেলা একটা পর্যন্ত শুনানি হয়৷
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে ও সাজা বাতিল করে খালাস চেয়ে কামারুজ্জামান গত বছরের ৬ জুন আপিল করেন৷
এর আগে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের অপর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে রায় হয়েছে৷ রায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেন আপিল বিভাগ৷ গত বছরের ১২ ডিসেম্বর তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে৷ এ ছাড়া জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেইন সাঈদীর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের শুনানি শেষে রায় অপেক্ষমাণ রেখেছেন আপিল বিভাগ৷