একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানি আগামী ৩ জুন পর্যন্ত মুলতবি করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই দিন মামলাটি শুনানির জন্য কার্যতালিকায় আসবে।
গতকাল মঙ্গলবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চে কামারুজ্জামানের পক্ষে আইনজীবী খন্দকার মাহবুব হোসেন প্রস্তুতির জন্য পাঁচ সপ্তাহ সময় চান৷ পরে আদালত ৩ জুন পর্যন্ত শুনানি মুলতবি করেন৷
বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও আসামিপক্ষে আইনজীবী তাজুল ইসলাম উপস্থিত ছিলেন৷
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
ওই বছরের ৬ জুন ওই সাজা বাতিল করে ও খালাস চেয়ে তিনি আপিল করেন। ২৯ সেপ্টেম্বর আপিলের সারসংক্ষেপ জমা দেয় আসামিপক্ষ। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।
এই আপিল শুনানির জন্য প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন চার বিচারপতির সমন্বয়ে বেঞ্চ গঠন করেন।