মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের শুনানিতে পেপারবুক থেকে সাক্ষ্য উপস্থাপন অব্যাহত রেখেছে আসামিপক্ষ।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ গতকাল বুধবার চতুর্থ দিনের মতো আপিলের শুনানি গ্রহণ করেন। আজ বৃহস্পতিবারও শুনানি হওয়ার কথা।
গতকাল আদালতে কামারুজ্জামানের পক্ষে ছিলেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, মো. নজরুল ইসলাম ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শুনানিতে নজরুল ইসলাম পেপারবুক থেকে কামারুজ্জামানের বিরুদ্ধে আনা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অভিযোগ এবং এসব অভিযোগসংশ্লিষ্ট সাক্ষ্য উপস্থাপন করেন৷ বেলা একটা পর্যন্ত শুনানি চলে৷
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। তাঁর বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি প্রমাণ হয়েছে৷