কামারুজ্জামানের করা আপিল কার্যতালিকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিল কার্যতালিকায় এসেছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃতাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে আজ সোমবারের কার্যতালিকায় বিষয়টি ২ নম্বর ক্রমিকে রয়েছে। গতকাল রোববার রাতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, রাষ্ট্রপক্ষ ইতিমধ্যে সারসংক্ষেপ জমা দিয়েছে। অপর পক্ষ আপিলের সারসংক্ষেপ দিয়েছে কি না এবং শুনানি কবে হবে, সে বিষয়ে আদেশের জন্য বিষয়টি কার্যতালিকায় রয়েছে।মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে গত ৬ জুন আপিল করেন কামারুজ্জামান। এর আগে গত ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে সোহাগপুরে ‘বিধবাপল্লিতে’ নির্বিচার হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের দায়ে কামারুজ্জামানকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু নিশ্চিত করার আদেশ দেন ট্রাইব্যুনাল। এ ছাড়া তাঁকে বদিউজ্জামান, দারাসহ ছয়জনকে হত্যার দায়ে যাবজ্জীবন এবং শেরপুর কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুল হান্নানের প্রতি অমানবিক আচরণের দায়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল। তবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডাদেশ দেওয়ায় যাবজ্জীবন ও ১০ বছরের শাস্তি মৃত্যুদণ্ডের সঙ্গে একীভূত হয়ে যাবে।