কামারুজ্জামানের ছেলের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গত বৃহস্পতিবার ‘কামারুজ্জামানকে ক্ষমা চাওয়ার পরামর্শ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের একাংশের প্রতিবাদ জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতা কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল। বৃহস্পতিবার পাঠানো প্রতিবাদপত্রে তিনি বলেন, কারা কর্তৃপক্ষ খুব শিগগির কামারুজ্জামানকে রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইতে বলবে বলে তাঁকে উদ্ধৃত করে যে বক্তব্য ছাপা হয়েছে, তা ঠিক নয়। প্রতিবেদকদের সঙ্গে তিনি এ ধরনের কথা বলেননি। এ ছাড়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার বিষয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে তাঁদের কোনো আলাপও হয়নি।
প্রতিবেদকের বক্তব্য: হাসান ইকবালের সঙ্গে তাঁদের মিরপুরের বাসায় বুধবার রাত আটটার দিকে প্রথম আলোর প্রতিবেদকের সব মিলিয়ে মিনিট পাঁচেক কথা হয়। তখন তাঁকে প্রশ্ন করা হয়েছিল, কারা কর্তৃপক্ষ রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়ার ব্যাপারে তাঁদের পরিবারকে কিছু বলেছে কি না। এর জবাবে হাসান ইকবাল বলেছিলেন, কামারুজ্জামান রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাইবেন কি না, এটি কারা কর্তৃপক্ষ নিজেরাই তাঁর (কামারুজ্জামান) কাছে জানতে চাইবে।