কামারুজ্জামানের দণ্ড কার্যকরে দ্রুত ব্যবস্থা নিন: সুরঞ্জিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসির রায় অবিলম্বে কার্যকরের ব্যবস্থা গ্রহণে সাংবিধানিকভাবে দায়িত্বপ্রাপ্তদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘দেশের যুদ্ধাপরাধ বিচার ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক মানদণ্ডে উত্তীর্ণ একটি বিশেষ আদালত, বিশ্বের জন্য যা একটি মডেল বলে স্বীকৃত হতে পারে। তাই বিশ্বের কোথাও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাজাপ্রাপ্তদের আপিলের সুযোগ না থাকলেও বাংলাদেশে সেই বিধান রাখা হয়েছে। তবে সংবিধানের ৪৭ অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের রায় রিভিউয়ের কোনো সুযোগ নাই।’ খবর বাসসের।

আজ শুক্রবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘সমকালীন রাজনীতি’ বিষয়ক এক আলোচনা সভায় সুরঞ্জিত এসব কথা বলেন। নৌকা সমর্থকগোষ্ঠী এই সভার আয়োজন করে।

সাবেক এই মন্ত্রী বলেন,’ আমি আহ্বান জানাব, আইন বিভাগ এবং সরকারের নির্বাহী বিভাগের দায়িত্বপ্রাপ্তরা জেলগেটে দ্রুত রায়টি পৌঁছানোর উদ্যোগ নেবেন এবং রায় সাংবিধানিক বিধিবিধানের মাধ্যমে কার্যকর করা হবে।’

কামারুজ্জামানের রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনার বিষয়ে জাতীয় সংসদের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বলেন, ‘রাষ্ট্রপতি রাষ্ট্রের সর্বোচ্চ কর্তাব্যক্তি, জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর কাছে ক্ষমা প্রার্থনার আগে আমি বলব, অপরাধী কি তাঁর দোষ স্বীকার করে জাতির কাছে ক্ষমা চেয়েছে? নিহতদের পরিবার-পরিজনের কাছে দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছে? ফাঁসির দণ্ড কার্যকর হওয়ার আগে কাদের মোল্লা কি ক্ষমা চেয়েছিল?’

জেলগেটে দাঁড়িয়ে গণমাধ্যমের সামনে কামারুজ্জামানের বড় ছেলের ‘তাঁর বাবা নির্দোষ’ বলে সাফাই গাওয়াকে ধৃষ্টতা এবং দফায় দফায় কনডেম সেলের আসামির সঙ্গে সাক্ষাৎ করে আইনজীবীদের রিভিউ তত্ত্ব, ক্ষমা তত্ত্বসহ বিভিন্ন বক্তব্য প্রচারকে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা বলে উল্লেখ করেন সুরঞ্জিত।