কামারুজ্জামানের দণ্ডের বিরুদ্ধে আপিল শুনানি ১৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আপিলের ওপর শুনানির জন্য ১৮ মে দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল বৃহস্পতিবার শুনানির এ দিন ধার্য করেন।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই সাজা বাতিল ও খালাস চেয়ে কামারুজ্জামান গত ৬ জুন আপিল করেন। ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেনি।
শুনানির দিন ধার্য করার মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে তৃতীয় মামলার শুনানি শুরু হতে যাচ্ছে।
আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম উপস্থিত ছিলেন। কামারুজ্জামানের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার মাহবুব হোসেন, তাজুল ইসলাম প্রমুখ।
কামারুজ্জামানের বিরুদ্ধে আনা সাতটি অভিযোগের মধ্যে পাঁচটি রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে পেরেছে। এর মধ্যে শেরপুরের সোহাগপুর ‘বিধবাপল্লিতে’ নির্বিচারে হত্যাকাণ্ড ও গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের (তৃতীয় ও চতুর্থ অভিযোগ) দায়ে কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।