কামারুজ্জামানের দাফন সম্পন্ন
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকরের পর গতকাল রোববার ভোরে জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের দাফন সম্পন্ন হয়েছে। শেরপুর সদর উপজেলায় কামারুজ্জামানের প্রতিষ্ঠিত কুমরী বাজিতখিলা এতিমখানার পাশের জমিতে তাঁর মরদেহ দাফন করা হয়।
এদিকে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও ভাঙচুর চালিয়েছে জামায়াত। এ ছাড়া সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয়, মন্দির ও ছাত্রাবাসে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়েছে। বাঁশখালীতে একটি বেইলি সেতুর পাটাতন উপড়ে ফেলা হয়েছে। ফাঁসি কার্যকরের প্রতিবাদে আজ সোমবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে দলটি।
দাফন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে গত শনিবার রাত সাড়ে ১০টায় ফাঁসি কার্যকরের পর পুলিশি পাহারায় কামারুজ্জামানের লাশ অ্যাম্বুলেন্সে করে শেরপুরে নেওয়া হয়। গতকাল ভোর ৪টা ১৬ মিনিটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নিরাপত্তায় লাশবাহী গাড়ি কুমরী বাজিতখিলা গ্রামে পৌঁছায়। প্রশাসনের কাছ থেকে লাশ গ্রহণ করেন কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন। ৪টা ৫০ মিনিটে এতিমখানার মাঠে তাঁর জানাজা হয়। এতে কামারুজ্জামানের চার থেকে পাঁচজন ঘনিষ্ঠ আত্মীয়সহ শতাধিক ব্যক্তি অংশ নেন। পরে এতিমখানার পাশের জমিতে ৫টা ২০ মিনিটে লাশ দাফন করা হয়।
কফিল উদ্দিন বলেন, কামারুজ্জামানের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে তাঁর প্রতিষ্ঠিত এতিমখানার পাশে দাফন করা হয়। আরেক বড় ভাই আলমাছ আলী (৬৮) কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ভাই নিরপরাধ ছিল। বিচারের নামে তাকে হত্যা করা হয়েছে। এ জন্য যারা দায়ী, আল্লাহর কাছে তাদের বিচার চাই।’
দাফনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে। দাফনস্থলে গণমাধ্যমকর্মীসহ এলাকাবাসীর প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল। তবে দাফন শেষে ভোর ছয়টার দিকে নিরাপত্তা শিথিল হলে কামারুজ্জামানের কবরের দিকে কয়েক হাজার নারী-পুরুষের ঢল নামে। তাঁরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে মোনাজাত করেন।
স্থানীয় মজিবর রহমান (৪০) ও আবদুল কুদ্দুস অভিযোগ করেন, তাঁরা জানাজায় অংশ নেওয়ার জন্য অজু করে প্রস্তুত ছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অনুমতি না দেওয়ায় অংশ নিতে পারেননি।
গতকাল সকালে বাজিতখিলা ইউনিয়নের বিভিন্ন স্থানে কামারুজ্জামানের নয়টি গায়েবানা জানাজা হয়। এসব জানাজায় জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী অংশ নেন।
হেঁটেই ফাঁসির মঞ্চে যান: ফাঁসির মঞ্চের কাছে ছিলেন এমন একজন কর্মকর্তা জানান, সাড়ে ১০টার আগে কর্মকর্তারা ফাঁসির মঞ্চের সামনে দাঁড়ানোর কিছুক্ষণ পরে দুজন জল্লাদের সহযোগী দুপাশে হাত ধরে কামারুজ্জামানকে ফাঁসির মঞ্চে নেন। তিনি স্বাভাবিকভাবে, তবে একটু ধীরে হাঁটছিলেন। এ সময় মনে হয় তিনি বিড়বিড় করে দোয়া পড়ছিলেন। হেঁটেই তিনি ফাঁসির মঞ্চে ওঠেন। এরপর জল্লাদের সহযোগীরা তাঁর দুই পা বেঁধে দেন এবং গলায় রশি পরিয়ে দেন। জল্লাদেরা নেমে যাওয়ার পরপরই অন্য একজন জল্লাদ লিভার টেনে দিলে দেহটি কুয়ায় ঝুলতে থাকে। কিছুক্ষণ পরে (ঘড়ি না থাকায় সময় দেখেননি কেউ) ঢাকার সিভিল সার্জন দেহ পরীক্ষা করেন। এরপর দেহটি ময়নাতদন্তের জন্য কারা হাসপাতালসংলগ্ন বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ যাতে প্রক্রিয়াটির কোনো অংশ দেখতে বা ছবি তুলতে না পারেন, সে জন্য বিশেষ সতর্কতা অবলম্বন করে কারা কর্তৃপক্ষ।
রাজধানীতে জামায়াতের ভাঙচুর: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও ভাঙচুর চালিয়েছে জামায়াত। মগবাজারে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এর মধ্যে গতকাল সকাল আটটার দিকে মিরপুর সড়কের শুক্রাবাদে যানবাহনে ভাঙচুর চালানো হয়। এ ছাড়া মগবাজার চৌরাস্তায় জামায়াত ঝটিকা মিছিল করেছে।
শুক্রাবাদের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল সকালে সেখানে জামায়াতের একটি ঝটিকা মিছিল থেকে চলন্ত যানবাহনের ওপর হামলা চালানো হয়। কয়েকজন যুবক হাতে লাঠিসোঁটা ও ঢিল নিয়ে এলোপাতাড়ি যানবাহনের কাচ ভাঙচুর করে খুব দ্রুত পালিয়ে যায়।
জামায়াতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গতকাল সকাল আটটার দিকে রাজধানীর মগবাজার চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। ওই সমাবেশে কামারুজ্জামানের ফাঁসি কার্যকরকে বিচারিক হত্যাকাণ্ড দাবি করে বলা হয়, যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত একদিন তাদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এদিকে মগবাজারের ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, জামায়াতের ঝটিকা মিছিলের পর পর সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
রাজধানীর বাইরে: ফাঁসির রায় কার্যকরের প্রতিবাদে জামায়াত ও শিবিরের সমর্থকেরা গতকাল ভোরে সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন। মহাসড়কে ট্রাক ভাঙচুর করেছেন। উল্লাপাড়া উপজেলায় ছাত্রাবাসে আগুন, মন্দিরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, এনায়েতপুরের সৈয়দপুর বাজারে অবস্থিত জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে পেট্রলবোমা ছুড়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কার্যালয়ের দরজা পুড়ে যায়।
অপর দিকে ভোরের দিকে উল্লাপাড়া পৌর শহরের ঝিকিরা পাটবন্দরের কাছে একটি ছাত্রাবাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে ছাত্রাবাসের আসবাব পুড়ে যায়। একই সময়ে ৫০ থেকে ৬০ জন দুর্বৃত্ত উল্লাপাড়া পৌর সদরের ঝিকিরা হলদারপাড়ার কালীমন্দির ভাঙচুর ও লুটপাট করে। কালীমন্দিরে রাখা ১০টি মূর্তি ভেঙে ফেলে তারা। এ সময় বারইয়া গ্রামে হিন্দুসম্প্রদায়ের দুটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০টি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙচুরের প্রতিবাদে মন্দির অঙ্গনে অনুষ্ঠেয় আজ সোমবারের চৈত্রসংক্রান্তির চড়কপূজা ও মেলা বাতিল করেছে মন্দির কমিটি।
অপর দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কের চোরগাছা ৩ নম্বর সেতুর কাছে ও বানিয়াগাঁতীতে দুটি ট্রাক ভাঙচুর করা হয়।
বগুড়ার শেরপুরে দুর্বৃত্তরা ঢাকা-বগুড়া মহাসড়কের তিনটি স্থানে চলন্ত দূরপাল্লার বাস লক্ষ্য করে আটটি ককটেল ছুড়েছে।
চট্টগ্রামের বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর রাতেই উপজেলার নাপোড়া, পুঁইছড়ি ও চাম্বল এলাকায় বিক্ষোভ মিছিল করে জামায়াত-শিবির। ভোরের দিকে চাম্বল বাজারে একটি বেইলি সেতুর পাটাতন উপড়ে ফেলে তারা। সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুটি মেরামত করে।
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ফুটবল মাঠের সামনে মহাসড়কে গত শনিবার রাতে নাশকতা সৃষ্টির সময় শিবিরের দুজন কর্মীকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। নারায়ণগঞ্জে লাঠিসোঁটা নিয়ে ঝটিকা মিছিল করেছেন শিবিরের কর্মীরা। গতকাল দুপুরের দিকে নগরের বাবুরাইল এলাকায় ঝটিকা মিছিল বের হলে পুলিশ ধাওয়া দিয়ে চারজনকে আটক করে।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, ঢাকা, চট্টগ্রাম ও সাতক্ষীরা; ফরিদপুর অফিস; সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ ও শেরপুর (বগুড়া) প্রতিনিধি}