কামারুজ্জামানের নির্দেশে বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের অষ্টম সাক্ষী মো. জিয়াউল ইসলাম জবানবন্দিতে বলেছেন, মায়ের মুখে শুনেছেন, একাত্তরে কামারুজ্জামানের নির্দেশে তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে আলবদর সদস্যরা তাঁকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল সোমবার দুপুরে এ জবানবন্দি দেন জিয়াউল ইসলাম। তাঁর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। আসামির কাঠগড়ায় এ সময় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে জিয়াউল বলেন, তাঁর বাবার নাম নুরুল ইসলাম। তাঁদের গ্রামের বাড়ি ময়মনসিংহের শেওড়া জোড়পুকুর পাড়ে। একাত্তরে তিনি ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে ডিগ্রি প্রথম বর্ষে পড়তেন। তিনি মুক্তিযোদ্ধা। একাত্তরে পাকিস্তানি সেনারা সড়কপথে মুক্তাগাছা থানার রসুলপুরে ও রেলপথে কাওরাইদ দিয়ে ঢুকলে মুক্তিযোদ্ধারা প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযোদ্ধাদের ওই দলে তিনি ছিলেন। তাঁরা পাকিস্তানি সেনাদের প্রতিরোধ করতে ব্যর্থ হন। এর পরদিন পাকিস্তানি সেনারা ময়মনসিংহ শহর দখল করলে তাঁর মা-বাবা শেরপুর সদরের সাগড়া ইউনিয়নে চলে যান। পাকিস্তানি সেনারা ময়মনসিংহ শহরে ঢুকলে তাঁরা (মুক্তিযোদ্ধারা) হালুয়াঘাট দিয়ে ভারতে চলে যান। ভারতে থাকাকালে পরিবারের সঙ্গে তাঁর কোনো যোগাযোগ ছিল না।রাষ্ট্রপক্ষের এই সাক্ষী বলেন, একাত্তরের ১০ ডিসেম্বর তাঁরা ময়মনসিংহ শত্রুমুক্ত করেন। হালুয়াঘাটে দেখা হলে এক বন্ধু তাঁকে (সাক্ষী) জানান, তাঁর বাবাকে পাকিস্তানি সেনারা হত্যা করেছে। ময়মনসিংহে ফিরে তিনি মায়ের কাছে বিষয়টি জানতে চান। তাঁর মা জানান, নভেম্বরের প্রথম দিকে আলবদর বাহিনীর নেতা কামারুজ্জামানের নির্দেশে ময়মনসিংহের কোতোয়ালি থানার সামনে জেলা পরিষদের ডাকবাংলোতে স্থাপিত আলবদর ক্যাম্পে তাঁর বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহের বড় মসজিদের ইমামের ছেলে তৈয়ব ও আরেকজন আলবদর সদস্য রব্বানী তাঁর বাবাকে সেখানে নিয়ে যায়। পরিবার থেকে এ বিষয়ে জানতে চাইলে তৈয়ব ও রব্বানী বলেন, আলবদর নেতা কামারুজ্জামানের নির্দেশে বাবাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আত্মীয়স্বজন তাঁকে ছাড়িয়ে আনার চেষ্টা করে ব্যর্থ হন। ২৯ নভেম্বর রাতে আলবদররা তাঁর বাবাকে ময়মনসিংহ শহর থেকে পাঁচমাইল দূরে ঘাগরা ইউনিয়নের বারেরা খালের পাশে নিয়ে বেয়নেট দিয়ে খুঁচিয়ে হত্যা করে এবং লাশ ফেলে চলে যায়। সেখানে তাঁর বাবার সঙ্গে থাকা কেনেডি নামের একজনকেও হত্যা করা হয়। পরদিন স্থানীয় লোকজন তাঁদের লাশ বাড়িতে নিয়ে যায়।জবানবন্দি শেষে জিয়াউল ইসলামকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম ১৯ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।সপ্তম সাক্ষীর জবানবন্দি ও জেরা: জিয়াউল ইসলামের আগে সকালে জবানবন্দি দেন রাষ্ট্রপক্ষের সপ্তম সাক্ষী লিয়াকত আলী। জবানবন্দিতে তিনি বলেন, তাঁর বাড়ি শেরপুরের চকবাজারে। একাত্তরে তিনি ঢাকার সোহ্রাওয়ার্দী কলেজে পড়তেন। তিনি মুক্তিযোদ্ধা। একাত্তরে তিনি আত্মরক্ষার জন্য শেরপুরের এক বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে আলবদর বাহিনীর সদস্যরা তাঁকেসহ তিনজনকে ধরে আহমদনগর ক্যাম্পে নিয়ে যায়। পরে তাঁদের চোখে কাপড় বেঁধে আহমদনগর ইউনিয়ন পরিষদের পাশে লম্বা একটি গর্তে দাঁড় করিয়ে গুলির নির্দেশ দেয় পাকিস্তানি সেনারা। কিন্তু পাকিস্তানি মেজর রিয়াজ সেখানে এসে গুলি না করার নির্দেশ দেন। পরে গর্ত থেকে ওঠার পর চোখের বাঁধন খুলে দেওয়া হয়।লিয়াকত বলেন, ‘চোখের বাঁধন খুলে দেওয়ার পর দেখি, কামরান দাঁড়িয়ে আছে, তাঁর পেছনে কামারুজ্জামানকে দেখি বলে মনে হলো।’ তিনি বলেন, পরে ছাড়া পেয়ে তিনি শেরপুর চলে যান।জবানবন্দি শেষে লিয়াকতকে প্রায় ১০ মিনিট জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।আলীমের বিরুদ্ধে মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষীকে জেরা: একই ট্রাইব্যুনালে গতকাল সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির নেতা আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী সাইদুর রহমানকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী খলিলুর রহমান। শারীরিক কারণে জামিনে থাকা আলীম এ সময় ট্রাইব্যুনালে হাজির ছিলেন। জেরা অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ মঙ্গলবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।