কামারুজ্জামানের পক্ষে যুক্তি উপস্থাপন শুরু
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শুরু হয়েছে।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক গতকাল যুক্তি উপস্থাপন করেন। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।কামারুজ্জামানের বিরুদ্ধে আনা প্রথম অভিযোগের বিষয়ে যুক্তি উপস্থাপনকালে আবদুর রাজ্জাক বলেন, বদিউজ্জামানকে অপহরণের পর হত্যার অভিযোগের বিষয়ে রাষ্ট্রপক্ষের চতুর্থ ও ষষ্ঠ সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। কিন্তু ওই দুই সাক্ষীই ঘটনা সরাসরি দেখেননি, শুনেছেন। তাই সাক্ষীদের সাক্ষ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই। এ কারণে এ দুই সাক্ষীর সাক্ষ্যের ওপর নির্ভর করা যায় না। তাঁরা যে সাক্ষ্য দিয়েছেন, তাতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় না।আসামিপক্ষের প্রধান আইনজীবী বলেন, সাক্ষীদের সাক্ষ্যে ঘটনার বিস্তারিত বর্ণনা উঠে আসেনি। এ সময় ট্রাইব্যুনাল জানতে চান, ওই সময়ের ঘটনা সাক্ষী বিস্তারিত বলবেন, এটা কি স্বাভাবিক?এ পর্যায়ে আবদুর রাজ্জাক বলেন, ‘১৫ কোটি মানুষের মধ্যে যদি একজনও যুদ্ধাপরাধী থাকে তাহলেও আমরা চাই, তার বিচার হোক। কিন্তু এতে যেন কোনো নিরপরাধ মানুষের বিচার না হয়।’ তিনি বলেন, ‘একাত্তরে শহীদ মোস্তফা হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা অস্বীকার করছি না। তবে ওই ঘটনায় কামারুজ্জামান উপস্থিত ছিলেন না।’যুক্তি উপস্থাপন অসমাপ্ত অবস্থায় এ মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়। কামারুজ্জামানের বিরুদ্ধে মোট সাতটি অভিযোগ আনা হয়েছে।এ মামলায় রাষ্ট্রপক্ষ গত ৩১ মার্চ পর্যন্ত চার দিনে যুক্তি উপস্থাপন শেষ করে।