কামারুজ্জামানের পক্ষে যুক্তি ১৫ এপ্রিল শেষ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষকে যুক্তি উপস্থাপনের জন্য ১৫ এপ্রিল শেষ সুযোগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।গতকাল এ মামলায় আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাকের যুক্তি উপস্থাপনের দিন ধার্য ছিল। কিন্তু অন্যান্য হরতালের মতো গতকালও তিনি ট্রাইব্যুনালে আসেননি। তাঁর পক্ষে আসামিপক্ষের সহযোগী আইনজীবী সাজ্জাদ আলী চৌধুরী ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপনের জন্য সময়ের আবেদন জানান। তিনি বলেন, ‘নিরাপত্তার কারণে’ আবদুর রাজ্জাক আসেননি। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘আপনাদের বারবার সময় দেওয়া হচ্ছে। যুক্তি উপস্থাপনের জন্য আপনাদের আর সময় দেওয়া হবে না।’ ট্রাইব্যুনাল আসামিপক্ষকে লিখিত যুক্তি জমা দিতে বলেন।এ সময় আসামির কাঠগড়ায় থাকা কামারুজ্জামান ট্রাইব্যুনালকে বলেন, ‘আপনারা অনেক সময় দিয়েছেন। আর একবারের মতো শেষ সুযোগ দিন। না হলে আমি অনেক ক্ষতিগ্রস্ত হব।’এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল বলেন, ‘কামারুজ্জামানের অনুরোধে শেষবারের মতো সময় দেওয়া হচ্ছে। ওই দিন উপস্থিত হতে না পারলে যুক্তি উপস্থাপন শেষ করে দেওয়া হবে।’গত সোমবার থেকে গতকাল পর্যন্ত টানা চার দিন হরতাল ছিল। এ চার দিন আবদুর রাজ্জাক ট্রাইব্যুনালে যাননি। মঙ্গলবার ট্রাইব্যুনাল ১১ এপ্রিলের মধ্যে আসামিপক্ষকে যুক্তি শেষ করতে বলেছিলেন।