কামারুজ্জামানের পক্ষে সাক্ষ্য দিলেন ছেলে
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল সোমবার আসামিপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দিয়েছেন তাঁর ছেলে মোহাম্মদ হাসান ইকবাল (৩৩)।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাসান ইকবালের সাক্ষ্য নেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে হাসান ইকবাল বলেন, তাঁদের বাড়ি শেরপুরের কুমরি মুদিপাড়া গ্রামে। তিনি দিগন্ত টেলিভিশনের গবেষণা বিভাগে কর্মরত। তিনি তাঁর বাবার পক্ষে দাখিল করা বিভিন্ন নথি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন, ড. এম এ হাসান সম্পাদিত যুদ্ধাপরাধ, গণহত্যা ও বিচারের অন্বেষণ (প্রকাশকাল মে, ২০০১) বইয়ে, মুনতাসীর মামুন সম্পাদিত একাত্তরের বিজয় গাথা বইয়ে, মুহাম্মাদ আব্দুশ শাকুর রচিত ময়মনসিংহ একাত্তর বইয়ে (প্রকাশকাল ২০০০ সাল) তাঁর বাবার নাম নেই।জবানবন্দিতে হাসান ইকবাল ২০০৫ সালের জানুয়ারিতে প্রকাশিত আলোর মিছিল পত্রিকা, খুরশিদ আলম সরকারের লেখা রণাঙ্গনে মুক্তিসেনা ১৯৭১ বই, হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র ১০ম খণ্ড, দি পাকিস্তান আর্মি ১৯৬৬-৭১, একাত্তরের উত্তর রণাঙ্গন, বাংলাদেশ এ্যাট ওয়ার বই উপস্থাপন করেন। এ ছাড়া রাষ্ট্রপক্ষের বিভিন্ন সাক্ষী সম্পর্কে বিভিন্ন নথিসহ বেশ কিছু বিষয়ে নথিও উপস্থাপন করেন।জবানবন্দি শেষ হলে হাসান ইকবালকে জেরা করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম। পরে কৌঁসুলি মত (সাজেশন) দেন, প্রয়োজনে আপনি সত্য গোপন করতে পারেন। জবাবে হাসান ইকবাল বলেন, এটা সত্য নয়।এ মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য বুধবার দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। সেদিন আসামিপক্ষের বাকি দুজন সাক্ষীকেও হাজির করার নির্দেশ দেওয়া হয়।এর আগে গোলাম আযমের বিরুদ্ধে মামলায় সাফাই সাক্ষী হিসেবে তাঁর ছেলে আবদুল্লাহিল আমান আযমী ও দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলায় তাঁর ছেলে মাসুদ সাঈদী সাফাই সাক্ষ্য দেন।