কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার আসামিপক্ষের সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। গতকাল জবানবন্দি দেন প্রথম সাফাই সাক্ষী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বেনুপাড়া গ্রামের আরশেদ আলী (৬১)।জবানবন্দিতে আরশেদ বলেন, পাকিস্তানি সেনাদের গণহত্যায় তাঁর বাবা একাব্বার আলী শহীদ হন। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁর জবানবন্দি নেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। এ সময় আসামির কাঠগড়ায় কামারুজ্জামান হাজির ছিলেন।জবানবন্দিতে আরশেদ বলেন, মুক্তিযুদ্ধকালে ১০ শ্রাবণ পাকিস্তানি সেনারা তাঁদের গ্রাম বেনুপাড়াসহ সোহাগপুর ও কাঁকরকান্দিতে গণহত্যা চালায়। সেদিন তিনি জমিতে কাজ করছিলেন। সকাল সাতটা-সাড়ে সাতটার দিকে সোহাগপুর গ্রাম থেকে গুলির শব্দ শোনেন। সকাল আটটা-সাড়ে আটটার সময় তাঁদের বাড়িতে পাকিস্তানি সেনারা এসে তাঁর বাবাকে গুলি করে হত্যা করে। বাবাকে গুলি করতে দেখে তিনি বাড়ির পশ্চিম-দক্ষিণ দিকে সিংহীমারি খালে আশ্রয় নেন। সেনারা চলে গেলে সন্ধ্যার আগে তিনি বাড়িতে গিয়ে আশপাশে তাঁর বাবার লাশসহ অনেক লাশ বিক্ষিপ্ত অবস্থায় দেখেন। তিনিসহ চার-পাঁচজন মিলে রাত ১২টার মধ্যে তাঁর বাবার লাশসহ সাতটি লাশ দাফন করেন। পরে আরও অনেকের সঙ্গে কাঁকরকান্দি উত্তর গ্রামে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন। তাঁদের গ্রামের ফসি চেয়ারম্যান, নজির মাস্টার, কাদির ডাক্তারসহ কয়েকজন পাকিস্তানি বাহিনীর দালাল ছিলেন।আসামিপক্ষের সাক্ষী বলেন, তাঁরা সব সময় মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করতেন। তাঁদের এলাকা থেকে আহমদনগর ৩৫-৪০ কিলোমিটার পশ্চিমে। একাত্তরে বিধবাপল্লী (সোহাগপুর) থেকে আহমদনগর হেঁটে যেতে হতো। গাড়িতে যোগাযোগের ব্যবস্থা ছিল না। তিনি বলেন, তাঁদের এলাকার গণহত্যা নিয়ে অনেক বইপত্র লেখালেখি হয়েছে। তিনি এমন দুটি বই পড়েছেন। জবানবন্দির এই পর্যায়ে ট্রাইব্যুনাল ওই বই সম্পর্কে সাক্ষীকে একটি প্রশ্ন করলে কফিল উদ্দিন বলেন, ট্রাইব্যুনাল তাঁর কাজ বাধাগ্রস্ত করছেন। তিনি আর এই মামলার কার্যক্রম চালাবেন না। এ সময় ট্রাইব্যুনাল কফিল উদ্দিনকে বলেন, ‘আপনি শিষ্টাচারবহির্ভূত আচরণ করেছেন, এ জন্য ট্রাইব্যুনাল আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন।’ পরে আইনজীবী তাঁর আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন।জবানবন্দি শেষে আরশেদ আলীকে জেরা শুরু করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আলী। আপনি যে এই মামলার সাক্ষী, তা আপনাকে প্রথম কে বলেছেন? আইনজীবীর এই প্রশ্নে সাক্ষী বলেন, কামারুজ্জামানের বড় ভাই কফিল উদ্দিন বলেছেন। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি কামারুজ্জামানের পরিবারের কাউকে চেনেন না এবং কামারুজ্জামানকে তিনি কখনো দেখেননি ও চেনেন না।জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম আজ বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করা হয়।