মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ বহালের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের করা আবেদন আপিল বিভাগের আজ সোমবারের দৈনন্দিন কার্যতালিকায় রয়েছে।
গতকাল রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের আজকের দৈনন্দিন কার্যতালিকায় পুনর্বিবেচনার আবেদন ও মুলতবির আবেদন আদেশ প্রদানের জন্য ১ নম্বর ক্রমিকে রয়েছে। আপিল বিভাগের এই বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে ৫ মার্চ সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদন করেন কামারুজ্জামান। ওই দিন শুনানির দিন ধার্যের জন্য চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ। শুনানি নিয়ে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ৮ মার্চ আদেশের দিন ধার্য করেন। গতকাল আদালত আদেশ দেন। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক। এদিকে চার সপ্তাহ সময় চেয়ে শুনানি মুলতবির জন্য গতকাল আবেদন করেছে আসামিপক্ষ।
অ্যাটর্নি জেনারেল পরে প্রথম আলোকে বলেন, চেম্বার বিচারপতি পুনর্বিবেচনার আবেদন আপিল বিভাগের কার্যকালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন। এই আবেদন আপিল বিভাগের কার্যকতালিকায় এসেছে। শুনানি মুলতবি চেয়ে আসামিপক্ষ আবেদন করেছে। দুটি আবেদনই আদেশের জন্য এসেছে।
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির জানান, চার সপ্তাহ সময় চেয়ে রিভিউ আবেদনের শুনানি মুলতবির জন্য গতকাল আবেদন করা হয়েছে। এ মামলার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন অনিবার্য কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে সময় চাওয়া হয়েছে।
২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠালে সেখানে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়।