কামারুজ্জামানের পুনর্বিবেচনার আবেদনের নিষ্পত্তি
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠনের আদেশে কয়েকটি শব্দগত পরিবর্তন এনে আদেশটি পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদেশে বলা হয়, অভিযোগ গঠনের আদেশে প্রতিটি অভিযোগের দ্বিতীয় অনুচ্ছেদে ‘অ্যান্ড অলসো ফর’ শব্দগুলোর স্থানে ‘অর ইন দ্য অল্টারনেটিভ’ শব্দগুলো প্রতিস্থাপিত হবে। এ ছাড়া সাত নম্বর অভিযোগে ‘ইউ অ্যাকমপ্যানিড বাই’ শব্দগুলোর স্থানে ‘ফলোয়িং ইয়োর ইনস্ট্রাকশন’ শব্দগুলো বসবে।আদেশে আরও বলা হয়, তবে অভিযোগ গঠনের বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো ভিত্তি পাওয়া যায়নি। কারণ, প্রাথমিক অভিযোগের (প্রাইমা ফেসি) ভিত্তিতে অভিযোগ গঠন করা হয়েছে। এই পর্যবেক্ষণ দিয়ে অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন নিষ্পত্তি করেন ট্রাইব্যুনাল।কামারুজ্জামানের বিরুদ্ধে ৪ জুন ট্রাইব্যুনাল-২ অভিযোগ গঠন করেন। ১১ জুন তাঁর আইনজীবীরা অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেন। ২ জুলাই কামারুজ্জামানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। পূর্বসিদ্ধান্ত অনুসারে তাঁকে গতকাল ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।