কামারুজ্জামানের ফাঁসি দ্রুত কার্যকর করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুততম সময়ের মধ্যে কার্যকরের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। একই সঙ্গে জামায়াতকে নিষিদ্ধেরও দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকালে হরতালবিরোধী মিছিলের পর গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এসব দাবি জানান।
জামায়াতের ডাকা হরতাল প্রত্যাখ্যান করে সকাল সাড়ে ১০টা থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেয় গণজাগরণ মঞ্চ। বেলা ১১টার দিকে তাঁরা একটি হরতালবিরোধী মিছিল করেন। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ঘুরে আবার শাহবাগে ফিরে আসে।
সেখানে সংক্ষিপ্ত বক্তব্যে ইমরান বলেন, যুদ্ধাপরাধী সংগঠন জামায়াতকে একটি প্রগতিশীল ইসলামি সংগঠন হিসেবে পরিচিতি দিতে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। তিনি এ সময় জামায়াতকে নিষিদ্ধের দাবি করেন।
ইমরান এইচ সরকার জানান, বাংলাদেশে নিযুক্ত জামায়াতকে ‘মদদদাতা’ কূটনীতিকদের বহিষ্কার, পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক স্থগিত ও কূটনৈতিক সম্পর্ক পুনর্মূল্যায়ন এবং বাংলাদেশ স্বাধীনের সময় সম্পদ ভাগাভাগির ন্যায্য হিস্যা আদায়ে স্বাধীন কমিশন গঠনের দাবিতে আজ শুক্রবার বিকেল চারটায় শাহবাগে বিক্ষোভ সমাবেশ হবে।