কামারুজ্জামানের ফাঁসিতে চট্টগ্রামে স্বস্তি মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের আলবদর নেতা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় স্বস্তি প্রকাশ করে নগরে মিছিল-সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ। সমাবেশ থেকে মানবতাবিরোধী সব অপরাধীর বিচার দ্রুত শেষ করার দাবি জানানো হয়।
গতকাল রোববার সকালে নগরের চেরাগী পাহাড় এলাকা থেকে শুরু হয়ে মিছিলটি মোমিন রোড, আন্দরকিল্লা, জামালখান, প্রেসক্লাব হয়ে আবারও চেরাগীতে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ হয়।
গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সদস্যসচিব চন্দন দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমন্বয়ক শরীফ চৌহান, সাংবাদিক সমরেশ বৈদ্য, উদীচী চট্টগ্রাম জেলা সংসদের সহসভাপতি সুনীল ধর ও সাধারণ সম্পাদক শীলা দাশগুপ্তা, আবৃত্তিকার রাশেদ হাসান, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি শিমুল বৈঞ্চব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি হওয়ায় জাতি কলঙ্কমুক্ত হয়েছে। শহীদদের আত্মা শান্তি পেয়েছে। এতে প্রমাণিত হয়েছে আইনের হাত অনেক শক্তিশালী। দেশের মানুষ স্বাধীনতাবিরোধীসহ সব রাজাকার-আলবদরের বিচার দ্রুত শেষ দেখতে চায়।