
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) করা হবে কি না, আজ সোমবার এ সিদ্ধান্ত জানাবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কামারুজ্জামানের পুনর্বিবেচনার আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ রায়ের জন্য গতকাল রোববার এ দিন ধার্য করেন।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুসারে, রায় পুনর্বিবেচনার আবেদনটি আদেশের জন্য আজ আপিল বিভাগের কার্যতালিকার ১ নম্বরে আছে।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গতকাল পুনর্বিবেচনার আবেদনের শুনানি করেন কামারুজ্জামানের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এই বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
শুনানিতে খন্দকার মাহবুব বলেন, আসামির বিরুদ্ধে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যার অভিযোগে তিনজন সাক্ষীর বক্তব্যের ওপর ভিত্তি করে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ওই তিন সাক্ষীর একজন ঘটনার প্রত্যক্ষদর্শী নন, তিনি ঘটনা অন্যের কাছে শুনেছেন। বাকি দুজনকে প্রত্যক্ষদর্শী সাক্ষী দাবি করা হলেও তাঁরা কেউ ঘটনার সময় কামারুজ্জামানকে চিনতেন না। স্বাধীনতার পর তাঁরা কামারুজ্জামানকে দেখেছেন। এ দুজনের সাক্ষ্যের ওপর ভিত্তি করে আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া যায় না।
খন্দকার মাহবুব শুনানিতে বলেন, গোলাম মোস্তফা হত্যাকাণ্ডের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। কিন্তু আপিল বিভাগ ওই সাজা কমিয়ে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। এর কারণ হিসেবে বলা হয়েছে, ওই অভিযোগে কামারুজ্জামানের বিরুদ্ধে প্রত্যক্ষ সাক্ষ্য নেই। সেই যুক্তিতে সোহাগপুর গ্রামে হত্যাকাণ্ডের অভিযোগেও মৃত্যুদণ্ড দেওয়া যায় না।
পরে শুনানিতে ফাঁসির রায় বহাল রেখে আসামিপক্ষের পুনর্বিবেচনার আবেদন খারিজ করার আরজি জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি শুনানিতে বলেন, কামারুজ্জামান যে আলবদর কমান্ডার ছিলেন, তা স্বীকৃত। একাত্তরের ঘাতক ও দালালরা কে কোথায় বইতে আলবদর বাহিনীর প্রধান সংগঠক হিসেবে কামারুজ্জামানের নাম আছে। ১৯৭২ সালের জানুয়ারিতে আলবদর হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। মুক্তিযুদ্ধকালে সোহাগপুর গ্রামে ধর্ষণের শিকার তিন নারীও কামারুজ্জামানের সংশ্লিষ্টতার কথা বলেছেন।
গতকাল সকাল পৌনে ১০টার দিকে পুনর্বিবেচনার আবেদনের শুনানি শুরু হয়। মাঝে আধা ঘণ্টার বিরতি দিয়ে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দুই পক্ষের যুক্তি শোনেন আপিল বিভাগ।
একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।