কামারুজ্জামানের ফাঁসির বিলম্বে ক্ষুব্ধ গণজাগরণ মঞ্চ
মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ড পাওয়া জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং দুর্বৃত্তদের হাতে নিহত ব্লগার ওয়াশিকুর রহমান ও অভিজিৎ রায় হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে গণ-অবস্থান করেছে গণজাগরণ মঞ্চ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে গতকাল শুক্রবার বিকেলে এ কর্মসূচি পালন করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা।
গণ-অবস্থানে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ওয়াশিকুরের হত্যাকারীদের ধরেছিল তৃতীয় লিঙ্গের মানুষ। অন্যদিকে অভিজিৎ হত্যা পুলিশ ও প্রশাসনের সামনে ঘটে গেলেও তারা হত্যাকারীদের ধরতে ব্যর্থ হয়েছে। এতে প্রমাণিত হয় যে পুলিশ ও প্রশাসন দায়িত্ব থেকে কতটা দূরে সরে গেছে।
কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়ে ইমরান বলেন, আদালত রায় দিলেও সরকার নানা অজুহাতে সেই রায় কার্যকর করতে কালক্ষেপণ করছে। আপিল বিভাগ থেকে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পর পাঁচ মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত বিচারিক দীর্ঘসূত্রিতার কারণে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি।
অনতিবিলম্বে রায় কার্যকর করার দাবিতে সন্ধ্যায় শাহবাগ থেকে মশাল মিছিল বের করেন মঞ্চের কর্মী-সংগঠকেরা। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) হয়ে আবার শাহবাগে এসে শেষ হয়।