কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরে 'দীর্ঘসূত্রিতায়' উদ্বেগ মঞ্চের
জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকর নিয়ে ‘বিচারিক দীর্ঘসূত্রতায়’ গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এ উদ্বেগ জানান।
আপিল বিভাগ কর্তৃক যুদ্ধাপরাধী কামারুজ্জামানের সর্বোচ্চ সাজা বহাল রাখার পর থেকেই তা দ্রুত কার্যকরের দাবিতে গণজাগরণ মঞ্চ প্রতি শুক্রবার বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শাহবাগে গণ–অবস্থান কর্মসূচি পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার বিকেল চারটা থেকে কামারুজ্জামানের ফাঁসির রায় দ্রুত কার্যকর এবং ব্লগার অভিজিৎ রায়ের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মঞ্চ শাহবাগে গণ–অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়াও সন্ধ্যায় শাহবাগ থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় মশাল মিছিল করবে সংগঠনটি।
মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রতিটি মানুষকে এ প্রতিবাদে অংশ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ইমরান এইচ সরকার।
বিবৃতিতে ইমরান এইচ সরকার বলেন, ২০১৩ সালের ৯ মে যুদ্ধাপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডের রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এর দীর্ঘদিন পর ২০১৪ সালের ৩ নভেম্বর আপিল বিভাগ কর্তৃক ফাঁসির রায় বহাল রেখে কামারুজ্জামানের যুদ্ধাপরাধ মামলার চূড়ান্ত রায় দেওয়া হয়। যুদ্ধাপরাধী কাদের মোল্লার পূর্ণাঙ্গ রায়ের পরিপ্রেক্ষিতে যুদ্ধাপরাধ মামলায় আসামিপক্ষ ১৫ দিনের মধ্যে রিভিউ করার সুযোগ পায়। গত ১৮ ফেব্রুয়ারি কামারুজ্জামানের যুদ্ধাপরাধ মামলার পূর্ণাঙ্গ রায় দেওয়া হয় এবং ১৯ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করা হয়। কিন্তু এরপর ১৫ দিনের বেশি সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত রায় কার্যকর করা হয়নি। যুদ্ধাপরাধের বিচার নিয়ে এই ‘দীর্ঘসূত্রতা’ কোনোভাবেই কাম্য নয়। অথচ যুদ্ধাপরাধ মামলার বিচার থেকে শুরু করে রায় ঘোষণা এবং রিভিউ আবেদন, প্রতিটি ক্ষেত্রেই ‘দীর্ঘসূত্রতা’র কারণে বারবার বিচার প্রলম্বিত হচ্ছে এবং ন্যায়বিচার বাধাগ্রস্ত হচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়, অভিজিৎ রায় হত্যার ১৫ দিন অতিবাহিত হলেও এখনো খুনিদের গ্রেপ্তারে কোনো অগ্রগতি নেই। খুনিদের শনাক্তকরণ ও বিচারের আওতায় আনতে প্রশাসনের অবহেলা ও কালক্ষেপণ রাষ্ট্রে চলমান বিচারহীনতার সংস্কৃতিকেই প্রকট করে তুলছে, যা অপরাধী ও উগ্র মৌলবাদী গোষ্ঠীকে উৎসাহিত করে যাচ্ছে। গণজাগরণ মঞ্চ প্রতিটি বিচারের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা ও কালক্ষেপণ করে ন্যায়বিচারের দাবিকে স্তব্ধ করায় গভীরভাবে উদ্বিগ্ন।