কামারুজ্জামানের ফাঁসির রায়ে সোহাগপুরে স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন বাতিলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুরের বিধবাপল্লির বিধবারা স্বস্তি প্রকাশ করেছেন। রায়ে আনন্দ-উল্লাস করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।
একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
এই রায়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিধবা হাফিজা বেওয়া (৬০) বলেন, ‘আমি সাক্ষী দিছি। কিন্ত বারে বারে কামারুজ্জামানের পক্ষ থাইকা আবেদন করায় সব সুমু দুশ্চিন্তাই আছিলাম। আজ ফাঁসির রায় বহাল থাহুনে, মনে কিছুডা স্বস্তি পাইতাছি। বিধবাপল্লির সবাই কামারুজ্জামানের দ্রুত ফাঁসি হউক এইডাই চায়।’
নালিতাবাড়ীর সোহাগপুর বিধবাপল্লি কল্যাণ সমিতির সভাপতি মো. জালাল উদ্দিন রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, সোহাগপুরে নৃশংসতা ও ১৮৭ জন নিরীহ মানুষের হত্যার নায়ক কামারুজ্জামানের ফাঁসি বিধবাদের প্রাণের দাবি।
গতকাল রায়ের পর মুক্তিযোদ্ধা সংসদের শেরপুর জেলা ইউনিটের কমান্ডার আ স ম নূরুল ইসলাম বলেছেন, ‘জামায়াত নেতা কামারুজ্জামানের লাশ শেরপুরের মাটিতে দাফন করতে দেওয়া হবে না। প্রশাসন কামারুজ্জামানের লাশ শেরপুরে দাফনের অনুমতি দিলে প্রয়োজনে এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা আন্দোলনের কর্মসূচি দেবেন।’
কামারুজ্জামানের স্ত্রীর বড় ভাই হলেন আ স ম নূরুল ইসলাম। দুপুরে শহরের শিববাড়ী এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
কামারুজ্জামানের রায়ের পর মামলার সাক্ষী ও ঘটনার শিকার ব্যক্তিদের নিরাপত্তা এবং সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান শেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলায় দুই প্লাটুন বিজিবি, র্যাবসহ অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।