কামারুজ্জামানের বিচার শুরু
মুক্তিযুদ্ধ চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। গতকাল সোমবার তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে এ মামলার বিচার শুরু হলো।তবে কামারুজ্জামান গঠিত অভিযোগগুলোকে সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী ২ জুলাই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে।কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত দুটি ট্রাইব্যুনালে ছয়টি মামলার বিচার শুরু হলো।আসামির কাঠগড়ায় কামারুজ্জামানের উপস্থিতিতে গতকাল ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীর অভিযোগ গঠনের বিষয়ে লিখিত আদেশ পড়ে শোনান। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি ওবায়দুল হাসান ও মো. শাহিনুর ইসলাম।আদেশে বলা হয়, আসামি কামারুজ্জামান শেরপুরের আশেক মাহমুদ ডিগ্রি কলেজের ছাত্র থাকাকালে কলেজ শাখা ইসলামী ছাত্রসংঘের (জামায়াতের তৎকালীন ছাত্রসংগঠন) সাধারণ সম্পাদক হন। ১৯৭০ সালে তিনি বৃহত্তর ময়মনসিংহে ছাত্রসংঘের সভাপতি হন। একাত্তরে বৃহত্তর ময়মনসিংহে আলবদর বাহিনীর অন্যতম সংগঠক হিসেবে তিনি নেত্রকোনা, শেরপুর, জামালপুর ও ময়মনসিংহে আলবদর বাহিনী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।আদেশে আসামিপক্ষের কয়েকটি আইনগত প্রশ্নের ব্যাখ্যা দেন ট্রাইব্যুনাল। এ পর্যায়ে ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে গঠন করা সাতটি অভিযোগ পড়ে শোনান।এরপর ট্রাইব্যুনাল কামারুজ্জামানের কাছে জানতে চান—তিনি দোষী, না নির্দোষ? জবাবে কামারুজ্জামান বলেন, ‘আমার মতো একজন নগণ্য উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্রকে মানবতাবিরোধী অপরাধের বিচারের মুখোমুখি করা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন ঘটনা। অগাস্তে পিনোশে, চার্লস টেলর প্রমুখ যাঁদের বিচার হয়েছে, তাঁরা সবাই ছিলেন রাষ্ট্রনায়ক, আর আমি একাত্তরে ছিলাম উচ্চমাধ্যমিক শ্রেণীর ছাত্র। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সর্বৈব মিথ্যা, অলীক, কল্পনাপ্রসূত। আমি সম্পূর্ণ নির্দোষ।’কামারুজ্জামান বলেন, ‘হলিডের সম্পাদক এনায়েতুল্লাহ খান তাঁর পত্রিকায় লিখেছিলেন, স্বাধীনতাযুদ্ধে এক কোটি লোক ভারতে আশ্রয় নিয়েছিল, আর সাড়ে ছয় কোটি লোক এখানে ছিল। তাহলে এই সাড়ে ছয় কোটি মানুষ কোলাবরেটর, কারণ তারা পাকিস্তানের আইন মেনে চলত।’ প্রয়াত জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিনিসহ ৩১ জন বিশ্ববিদ্যালয় শিক্ষক পাকিস্তানের পক্ষে বিবৃতি দিয়েছিলেন, কিন্তু তাঁদের বিচারের প্রশ্ন আসেনি। হাফেজ আজিজুল ইসলামের বিরুদ্ধে কোলাবরেটরের অভিযোগ আছে, কিন্তু তাঁর ভাই কামরুল ইসলাম মন্ত্রী থাকায় বিচারের প্রশ্ন আসেনি। আমি যদি আওয়ামী লীগে যোগ দিতাম, তাহলে আমারও বিচার করা হতো না।’ বিগত আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী এ কে ফায়জুল হক ও মাওলানা নুরুল ইসলামের প্রসঙ্গ টেনে কামারুজ্জামান বলেন, ‘তাঁদের বিরুদ্ধেও কোলাবরেটরের অভিযোগ আছে, কিন্তু তাঁদের বিচার হচ্ছে না।’এ পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, রাজনৈতিক বক্তব্য দেওয়ার জায়গা এটা নয়। আপনি কথা বলার জন্য পরে পর্যাপ্ত সময় পাবেন। এ সময় ট্রাইব্যুনালে কিছুটা হট্টগোল হয়। পরে আসামিপক্ষের প্রধান আইনজীবী আবদুর রাজ্জাক বলেন, আসামি নিজেকে নির্দোষ দাবি করেছেন। এরপর ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ২ জুলাই দিন ধার্য করেন।২০১০ সালের ২ অক্টোবর কামারুজ্জামানকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। ২০১১ সালের ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১-এ তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ২৮ ডিসেম্বর ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে আনুষ্ঠানিক অভিযোগ ফেরত দিয়ে তা সুবিন্যস্তভাবে পুনর্দাখিলের আদেশ দেন। চলতি বছরের ১৫ জানুয়ারি রাষ্ট্রপক্ষ অভিযোগ পুনর্দাখিল করলে ৩১ জানুয়ারি অভিযোগ আমলে নেওয়া হয়। ১৬ এপ্রিল মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।