কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ৪ জুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগ গঠন করা হবে কি না, এ বিষয়ে ৪ জুন আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি শেষে বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল রোববার এই দিন ধার্য করেন। গতকালের শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এ কে এম সাইফুল ইসলাম বিভিন্ন সাক্ষীর জবানবন্দি উপস্থাপন করেন। তিনি বলেন, একাত্তরে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর প্রভৃতি এলাকায় আলবদর বাহিনীর প্রধান সংগঠক ছিলেন কামারুজ্জামান। তাঁর নেতৃত্বে অনেককে প্রকাশ্যে নির্যাতন করা হয়েছে, বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। অভিযোগের পক্ষে তিনি একাত্তরের আজাদ পত্রিকার একটি প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি এসব বিষয় বিবেচনা করে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।আসামিপক্ষের আইনজীবী এহসান সিদ্দিক পাল্টা যুক্তি দিয়ে বলেন, আসামিকে বারবার আলবদর বাহিনীর সংগঠক উল্লেখ করা হলেও আলবদরদের তালিকাসংবলিত বই আলবদর-এ তাঁর নাম নেই।আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি চলছে: বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানি অব্যাহত রয়েছে। গতকাল ট্রাইব্যুনাল-২-এ আলীমকে অভিযোগ থেকে অব্যাহতির পক্ষে যুক্তি উপস্থাপন করেন তাঁর আইনজীবী তাজুল ইসলাম। তিনি বলেন, বিভিন্ন মন্ত্রী আসামির বিপক্ষে নানা অপপ্রচার চালাচ্ছেন। বিচার শেষ না হওয়ার আগে এ ধরনের প্রচার ভিত্তিহীন। গত ৪০ বছরে তাঁর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আনা হয়নি। বর্তমান সরকার এর আগেও ক্ষমতায় এসেছিল, কিন্তু তারা মানবতাবিরোধী অপরাধের বিচার করতে পারেনি। একপর্যায়ে তাজুল বলেন, সরকারি দলেও যুদ্ধাপরাধী আছেন। এ সময় ট্রাইব্যুনাল বলেন, থাকলে দেখিয়ে দিন।শারীরিক কারণে জামিনে থাকা আলীম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষ সময়ের আরজি জানালে শুনানি আজ পর্যন্ত মুলতবি করা হয়।সাঈদীর মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা: জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত কর্মকর্তা মো. হেলালউদ্দিনকে গতকাল ট্রাইব্যুনাল-১-এ দশম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম। সাঈদী এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।