কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের শুনানি ১৮ মার্চ পুনর্নির্ধারণ
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযোগের বিষয়ে শুনানি ১৮ মার্চ পুনর্নির্ধারণ করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল বুধবার এ আদেশ দেন।কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে শুনানির ধার্য দিন ছিল গতকাল। সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলাম বলেন, তাঁরা পাঁচ হাজার ২০০ পৃষ্ঠার নথি পড়ে শেষ করতে না পারায় শুনানির জন্য প্রস্তুত হতে পারেননি। এ জন্য তিনি শুনানি মুলতবির আরজি জানালে ট্রাইব্যুনাল শুনানির দিন পুনর্নির্ধারণ করেন।এরপর তাজুল ইসলাম মামলার প্রস্তুতির জন্য কাশিমপুর কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে আলোচনা করার আবেদন জানান। এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আসামিপক্ষের দুজন আইনজীবীকে ৩, ১০ ও ১৭ মার্চ কারাগারে গিয়ে মামলার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা করার অনুমতি দেন।