কামারুজ্জামানের বিরুদ্ধে মামলায় সাক্ষী মোশাররফকে জেরা
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী মোশাররফ হোসেন তালুকদারকে জেরা অব্যাহত রেখেছে আসামিপক্ষ।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল বৃহস্পতিবার মোশাররফ হোসেনকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। কামারুজ্জামান এ সময় আসামির কাঠগড়ায় হাজির ছিলেন।কামারুজ্জামানকে তেঘরিয়া মাদ্রাসার যে ধর্মসভায় দেখেছেন, তা আপনার বাড়ি থেকে কত দূরে—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, দুই-আড়াই কিলোমিটার দূরে। কামারুজ্জামানকে কোন পদবিতে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে কেবল কামারুজ্জামানের নাম বলে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল। সে সময় কামারুজ্জামানের মুখে দাড়ি বা গোঁফ ছিল কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গোঁফ ছিল কি না বলতে পারব না, তবে দাড়ি ছিল না।’শেরপুর কলেজ মোড় থেকে সুরেন্দ্র মোহন সাহার বাড়ি কত দূরে এবং ওই বাড়ি থেকে সেরি সেতুর দূরত্ব কত—আইনজীবীর এ প্রশ্নে মোশাররফ বলেন, কলেজ মোড় থেকে সুরেন্দ্র মোহন সাহার বাড়ি প্রায় ২৫০-৩০০ ফুট দূরে, সেখান থেকে সেরি সেতু আড়াই-তিন কিলোমিটার দূরে। আইনজীবী বলেন, বেয়নেট দিয়ে পায়ের মাংস কাটা অস্বাভাবিক। এ বিষয়ে সাক্ষীর মন্তব্য কী? ট্রাইব্যুনাল এ সময় বলেন, বেয়নেট দিয়ে শুধু পায়ের মাংস কাটাই নয়, আরও অনেক কিছু সম্ভব। আপনার (আইনজীবী) কথাই অস্বাভাবিক।এরপর জেরা অসমাপ্ত অবস্থায় এই মামলার কার্যক্রম ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়।সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলায় দশম সাক্ষীর জেরা ২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের দশম সাক্ষী কাজী মো. নুরুল আবছারকে আসামিপক্ষের জেরা ২ সেপ্টেম্বর পর্যন্ত মুলতবি করা হয়েছে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে দুই সদস্যের (বিচারপতি আনোয়ারুল হক অনুপস্থিত ছিলেন) ট্রাইব্যুনাল-১ গতকাল আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে জেরার দিন পুনর্নির্ধারণ করেন।বিচারপতি জাহাঙ্গীর হোসেন গতকাল ট্রাইব্যুনাল-১-এর নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন। তিনি বিচারক এ কে এম জহির আহমেদের স্থলাভিষিক্ত হলেন। জহির আহমেদ গত মঙ্গলবার অসুস্থতার জন্য দায়িত্ব থেকে অব্যাহতি চান। বুধবার তাঁকে অব্যাহতি ও তাঁর স্থলে জাহাঙ্গীর হোসেনকে নিয়োগ দেওয়া হয়।সংগ্রাম ও বিডিনিউজের প্রতিবেদন নিয়ে ট্রাইব্যুনালের আপত্তি: ট্রাইব্যুনাল-১-এর ২৯ আগস্টের কার্যক্রম নিয়ে দৈনিক সংগ্রাম ও অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত প্রতিবেদন নিয়ে গতকাল ট্রাইব্যুনাল আপত্তি জানান। ট্রাইব্যুনাল বলেন, প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ট্রাইব্যুনালের কার্যক্রমে শুধু চেয়্যারমান উপস্থিত থাকার কারণে বিচারকাজ চলেনি। কিন্তু এটি সত্য নয়। আসামিপক্ষের আইনজীবী তাজুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন মামলার কার্যক্রম মুলতবি করা হয়।ট্রাইব্যুনাল সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিকদের আরও সতর্ক থাকতে বলেন।