কামারুজ্জামানের মানবতাবিরোধী অপরাধের তথ্যপ্রমাণ সংগ্রহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলের সদস্যরা গতকাল বুধবার শেরপুরের বিভিন্ন স্থানে স্বাধীনতা যুদ্ধের বধ্যভূমি ও গণহত্যা সংঘটিত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তাঁরা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা মুহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে বিভিন্নজনের কাছ থেকে সাক্ষ্যও নেন।তদন্ত দলের সদস্যরা গতকাল সকাল নয়টায় প্রথমে জেলা শহরের শেরী ব্রিজ এলাকা পরিদর্শন করেন। স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর দোসররা এখানে কলেজছাত্র গোলাম মোস্তফাকে গুলি করে হত্যা করেন। পরে তদন্ত দলটি যায় শেরপুর শহরের মাধবপুর মহল্লায় অবস্থিত শনিবাড়ী মন্দিরে। স্বাধীনতা যুদ্ধের সময় এ মন্দিরের পুরোহিত সূর্যমোহন দেবকে হত্যা করে তাঁর লাশ মন্দিরের ভেতর একটি কূপে ফেলে দেওয়া হয়।তদন্ত দলটি দুপুরের দিকে যায় গৃদা নারায়ণপুর মহল্লায় অবস্থিত নবারুণ পাবলিক স্কুল-সংলগ্ন বধ্যভূমি এলাকায়। সেখান থেকে যায় জেলা শহরের নয়আনী বাজারে অবস্থিত প্রয়াত ব্যবসায়ী সুরেন্দ্র মোহন সাহার বাসভবনে। স্বাধীনতা যুদ্ধের সময় এ ভবনটি আলবদর রাজাকারদের টর্চার সেল হিসেবে ব্যবহার করা হতো। এরপর তদন্ত দলের সদস্যরা সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদ্দী গ্রামে গণহত্যা সংঘটিত এলাকা পরিদর্শন করেন। ১৯৭১ সালের ২৪ নভেম্বর সূর্যদ্দী গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী অর্ধশত নিরীহ মানুষকে হত্যা করে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল। বিকেলে শ্রীবরদী উপজেলার জগৎপুর বধ্যভূমি এলাকা পরিদর্শন করে তদন্ত দল।তদন্ত দলের বিভিন্ন এলাকা পরিদর্শনকালে জামায়াতের নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য দেন একাধিক প্রত্যক্ষদর্শী। মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক মুন্সী বীর প্রতীক বলেন, স্বাধীনতা যুদ্ধের সময় তিনি মুক্তিযোদ্ধাদের গোয়েন্দা হিসেবে কাজ করতেন। এ সময় প্রায়ই দেখতেন, ইসলামী ছাত্রসংঘের বৃহত্তর ময়মনসিংহের নেতা কামারুজ্জামান পাকিস্তানের সেনা কর্মকর্তা মেজর আইয়ুবের সঙ্গে সুরেন্দ্র মোহন সাহার বাসভবনে যেতেন। সেখানে লোকজনকে ধরে নিয়ে নির্যাতন চালানো হতো।সুরেন্দ্র মোহন সাহার বাসভবনে অবস্থিত টর্চার সেলের সে সময়কার দারোয়ান মোহন মুন্সী বলেন, কামারুজ্জামান বদর বাহিনীর প্রধান ছিলেন। এই থানায় তিনি যা বলতেন, তা-ই হতো। যুদ্ধের সময় তিনি ফুটবল খেলোয়াড় কাজল ও কলেজছাত্র মোস্তফাকে হত্যা করেন। সন্ধ্যায় শেরপুর সার্কিট হাউসে প্রেস ব্রিফিং করে তদন্ত দল। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম বলেন, জামায়াতের নেতা কামারুজ্জামানের মানবতাবিরোধী কর্মকাণ্ড সম্পর্কে অত্যন্ত জোরালো তথ্যপ্রমাণ পাওয়া গেছে। শুধু তিনি নন, আরও অনেকের বিরুদ্ধে মানবতাবিরোধী কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেছে। এসব তথ্যপ্রমাণ যথাসময় ট্রাইব্যুনালের কাছে পেশ করা হবে।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দলটি দুই দিনের সফরে গত মঙ্গলবার শেরপুর জেলায় আসে। পাঁচ সদস্যের এই দলে রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জেয়াদ-আল-মালুম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার নুরুল ইসলাম, পুলিশ পরিদর্শক আবদুর রাজ্জাক খান ও প্রবীর ভট্টাচার্য।