একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গত সোমবার এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছে। ওই দিনই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে কামারুজ্জামানের করা আবেদন খারিজ করে দেন।
এইচআরডব্লিউর বিবৃতিতে বলা হয়, আবেদন খারিজ হওয়ার কারণে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সময়ের ব্যাপার। কর্তৃপক্ষের উচিত, তাঁর মৃত্যুদণ্ড অবিলম্বে স্থগিত করে তাঁর মামলার নিরপেক্ষ পুনর্বিবেচনা করা।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘মৃত্যুদণ্ড (কার্যকর করা) এমন এক সাজা যা পরিবর্তনযোগ্য নয় ও নিষ্ঠুর প্রকৃতির। তা ছাড়া যখন বিচার বিভাগ এ রকমের সাজা পরিপূর্ণভাবে পুনর্বিবেচনা করতে ব্যর্থ হয়, তখন তা আরও খারাপ হয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারের ক্ষেত্রে নিরপেক্ষ বিচারের মান লঙ্ঘনের জোরালো ও বিশ্বাসযোগ্য অভিযোগ রয়েছে। এ বিষয়ে পক্ষপাতহীন বিচার বিভাগীয় পর্যালোচনার প্রয়োজন।’
লর্ডস সভার সদস্যের আহ্বান: কামারুজ্জামানের রিভিউ আবেদন সুপ্রিম কোর্ট খারিজ করে দেওয়ায় ও তাঁর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখায় অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসের সদস্য লর্ড কার্লাইল। তিনিও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে লর্ড কার্লাইল বাংলাদেশ সরকারের প্রতি আরও কয়েকটি আহ্বান জানিয়েছেন। এগুলো হলো বাদীপক্ষের কৌঁসুলির আচরণ বিষয়ে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দেওয়া, এই তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ট্রাইব্যুনালের সব বিচারপ্রক্রিয়া স্থগিত রাখা, মৃত্যুদণ্ডের মুলতবির বিষয়কে অনুমোদন ও এবং যুদ্ধাপরাধের বিচারপ্রক্রিয়ার গুরুত্বপূর্ণ ত্রুটি নিয়ে যেসব আন্তর্জাতিক বিশেষজ্ঞ মন্তব্য করেছেন তাঁদের সুপারিশের আলোকে একটি সত্যিকারের আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন।