কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিতে জাতিসংঘ ও ইইউর আহ্বান
মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার। হাইকমিশনারের মুখপাত্র রাভিনা শামদাসানি গত বুধবার জেনেভায় এক প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান।
এর আগে গত সোমবার একই ধরনের আহ্বান জানায় নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের মুখপাত্র বলেন, ‘কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জরুরি ভিত্তিতে আহ্বান জানাচ্ছি।’ মুখপাত্র বলেন, এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ না করা এবং ত্রুটির অভিযোগ রয়েছে।
ইইউর আহ্বান: ইউরোপীয় ইউনিয়নও (ইইউ) কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব ধরনের মৃত্যুদণ্ড বিলুপ্ত করার আহ্বান জানিয়েছে এই জোট। গতকাল বুধবার বিবৃতিতে ইইউর মুখপাত্র বলেন, মৃত্যুদণ্ড পুরোপুরি বিলোপ করার প্রথম পদক্ষেপ হিসেবে সব ধরনের মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ আরোপ করতে বাংলাদেশের প্রতি আহ্বান জানায় ইইউ।
বিএইচআরসির বিবৃতি: কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বার হিউম্যান রাইটস কমিটি (বিএইচআরসি)। গত বুধবার এক বিবৃতিতে এই আহ্বান জানায় যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলস বারের আন্তর্জাতিক মানবাধিকার–বিষয়ক শাখা বিএইচআরসি।