একাত্তরের মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধ করার দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সাজা অবিলম্বে স্থগিত করার আহ্বান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
গতকাল রোববার এক বিবৃতিতে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন এইচআরডব্লিউ এই আহ্বান জানিয়ে বলেছে, কামারুজ্জামানকে তাঁর মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করার অধিকার দেওয়া উচিত। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার প্রস্তুতি নিতে ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে ‘সরকার নির্দেশ দেওয়ায়’ গভীর উদ্বেগও প্রকাশ করেছে সংগঠনটি।
বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায় সুপ্রিম কোর্ট ঘোষণা করার পর কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়েছে। তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি যে আসন্ন, এটি তারই ইঙ্গিত। সুপ্রিম কোর্টের রায়ের পুরো লিখিত কপি কামারুজ্জামান ও তাঁর আইনজীবীদের হাতে এখনো পৌঁছায়নি। সব মৃত্যুদণ্ডের রায় ঘোষণার ক্ষেত্রেই মানসম্মত যে প্রক্রিয়া রয়েছে, সে অনুযায়ী ৩০ দিনের মধ্যে তাঁর রিভিউ আবেদন দাখিল করার সুযোগ পাওয়ার জন্য এটা দরকার।