কামারুজ্জামানের রায় আগামীকাল বৃহস্পতিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামীকাল বৃহস্পতিবার ঘোষণা করা হবে। আজ বুধবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ কথা জানান।
সকালে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি গোলাম আরিফ টিপুকে বিচারপতি ওবায়দুল হাসান জানান, আগামীকাল কামারুজ্জামানের বিরুদ্ধে রায় ঘোষণা হবে। বিষয়টি তিনি রাষ্ট্র ও আসামিপক্ষ উভয় পক্ষের আইনজীবীদের জানাতে বলেন।
গত বছরের ৪ জুন এই ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ গঠন করেন। ১৫ জুলাই থেকে সাক্ষ্য নেওয়া শুরু হয়। তদন্ত কর্মকর্তাসহ ১৮ জন রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দেন। আসামিপক্ষে সাক্ষ্য দেন পাঁচজন। এ বছরের ২৪ মার্চ যুক্তি উপস্থাপন শুরু করে রাষ্ট্রপক্ষ। ২ এপ্রিল থেকে আসামিপক্ষ যুক্তি উপস্থাপন করে। ১৬ এপ্রিল যুক্তি উপস্থাপন পর্ব শেষ হয়।
ট্রাইব্যুনাল-১ ও ট্রাইব্যুনাল-২ ইতিমধ্যে মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে গত ২১ জানুয়ারি প্রথম রায়ে মুক্তিযুদ্ধকালের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সাবেক সদস্য (রুকন) পলাতক আবুল কালাম আযাদকে মৃত্যুদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল-২। ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় রায়ে একই ট্রাইব্যুনাল জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্র ও আসামিপক্ষ আপিল করায় তা আপিল বিভাগে বিচারাধীন। এরপর ২৮ ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল-১ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ রায়ের বিরুদ্ধেও আপিল হয়েছে।

বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও মো. শাহিনুর ইসলাম সমন্বয়ে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনাল-২-এ কামারুজ্জামানের পক্ষে দেওয়া আসামিপক্ষের যুক্তি গত ১৬ এপ্রিল খণ্ডন করে রাষ্ট্রপক্ষ।