কামারুজ্জামানের রায় হতে পারে এ সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে গতকাল শুক্রবার গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ আগামীকাল রোববার তাঁর বিরুদ্ধে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধার্য থাকায় তাঁকে ঢাকায় আনা হয়।
এদিকে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায় এ সপ্তাহে হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গতকাল প্রথম আলোকে বলেন, কামারুজ্জামানের আপিলের রায় যেদিন ঘোষণা করা হবে, এর আগের দিন তা আপিল বিভাগের কার্যতালিকায় আসবে। তখন সবাই জানতে পারবে।
ট্রাইব্যুনাল-২-এর দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে ওই আপিলের শুনানি শেষে গত ১৭ সেপ্টেম্বর রায় অপেক্ষমাণ (সিএভি) রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
এ ছাড়া দুটি ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের চারটি মামলায় রায় অপেক্ষমাণ রয়েছে।
গত বৃহস্পতিবার ট্রাইব্যুনাল-২ মীর কাসেমের বিরুদ্ধে মামলার রায় রোববার ঘোষণার দিন ধার্য করেন। এ জন্য ওই দিন সকালে তাঁকে ট্রাইব্যুনালে হাজির করতে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। গাজীপুর প্রতিনিধি জানান, গতকাল দুপুরে তাঁকে কাশিমপুর থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে পাঠানো হয়। গত ১ এপ্রিল তাঁকে কাশিমপুর কারাগারে স্থানান্তর করা হয়েছিল।
রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক ফরমান আলী প্রথম আলোকে বলেন, রোববার ট্রাইব্যুনালে হাজির করার জন্য কাসেম আলীকে গতকাল বেলা আড়াইটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।
দুই ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায় থাকা চারটি মানবতাবিরোধী অপরাধের মামলার মধ্যে ট্রাইব্যুনাল-১-এ আছে তিনটি। এগুলো হলো: জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম, বিএনপি নেতা ও নগরকান্দা পৌরসভার মেয়র পলাতক এম এ জাহিদ হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনের বিরুদ্ধে মামলা। আর ট্রাইব্যুনাল-২-এ রায়ের অপেক্ষমাণ রয়েছে জাতীয় পার্টির নেতা ও সাবেক কৃষি প্রতিমন্ত্রী সৈয়দ মো. কায়সারের বিরুদ্ধে মামলাটি।
গত বুধবার জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মামলার রায়সহ দুটি ট্রাইব্যুনাল এ পর্যন্ত ১০টি মামলার রায় দিয়েছেন। এর মধ্যে আপিল বিভাগে চূড়ান্ত নিষ্পত্তি হয়েছে দুটি মামলার। গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেন। গত বছরের ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেন। এ দণ্ড ১২ ডিসেম্বর রাতে কার্যকর হয়।
আমৃত্যু কারাদণ্ডের বিরুদ্ধে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা আবদুল আলীম আপিল করলেও ইতিমধ্যে মৃত্যুবরণ করায় তাঁর আপিল ১৬ সেপ্টেম্বর অকার্যকর ঘোষণা করেন আপিল বিভাগ। ২২ অক্টোবর আপিল বিভাগ জামায়াতের সাবেক আমির গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশের বিরুদ্ধে করা দুটি আপিলের ওপর ২ ডিসেম্বর শুনানির দিন ধার্য করেন। তবে তিনি ২৩ অক্টোবর মারা যান।
অ্যাটর্নি জেনারেল বলেন, গোলাম আযম মারা যাওয়ায় তাঁর আপিল অকার্যকর হয়ে গেছে। এ বিষয়ে আদালতের একটি আদেশ প্রয়োজন হয়। এখন আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ (জামায়াতের সেক্রেটারি জেনারেল) ও সালাউদ্দিন কাদের চৌধুরীর (বিএনপি নেতা) আপিল মামলা প্রস্তুত আছে। ক্রম অনুসারে শুনানি হতে পারে।