কামারুজ্জামানের রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, মানবতাবিরোধী অপরাধের দায়ে কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ বহালের রায়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে।
গতকাল সোমবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে মুজিবনগর দিবস উদ্যাপন কমিটির প্রস্তুতি সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, কামারুজ্জামানের রিভিউ খারিজ হয়েছে। এ রায়ে আওয়ামী লীগ ও দেশপ্রেমিক জনতা মনে করে, জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের আমলে সব সময় সব নির্বাচন সুষ্ঠু হয়েছে। জয়-পরাজয় বড় কথা নয়। সুষ্ঠু নির্বাচনই সরকারের একমাত্র লক্ষ্য। খালেদা জিয়ার নেতৃত্বে গত তিন মাসে যে জ্বালাও-পোড়াও হয়েছে, জনগণ ব্যালটের মাধ্যমে তার জবাব দেবে। বিএনপির সঙ্গে সরকারের সমঝোতা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চক্রান্তকারীদের সঙ্গে সরকারের কোনো সমঝোতা হয়নি, হবেও না। খুনিদের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না। আওয়ামী লীগের সমঝোতা হবে জনগণের সঙ্গে।
সংবাদ সম্মেলন থেকে মুজিবনগর দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচিও ঘোষণা করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ১০ এপ্রিল সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার শ্রদ্ধা নিবেদন। ১৭ এপ্রিল সকালে মেহেরপুরের মুজিবনগরে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর গার্ড অব অনার প্রদান এবং দুপুরে সমাবেশ।
মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মাহবুব উল আলম হানিফ, ফারুক খান, এ বি তাজুল ইসলাম, আবদুল মান্নান খান উপস্থিত ছিলেন।