কামারুজ্জামানের রায়ের কপি পেলে বিএনপি প্রতিক্রিয়া জানাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু বলেছেন, জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের কপি হাতে পাওয়ার পরই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি।

মানবতাবিরোধী অপরাধে জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানতে চাইলে শামসুজ্জামান সাংবাদিকদের এ কথা জানান। দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল শেষে আজ বৃহস্পতিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

শামসুজ্জামান বলেন, ‘আমাদের দাবি ছিল আন্তর্জাতিক মান, স্বচ্ছ ও গ্রহণযোগ্য বিচারের জন্য। পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, এটি একটি ডমিস্টিক আদালত। এখন এটি পরিষ্কার হওয়া জরুরি, এটি আর্ন্তজাতিক, না ডমিস্টিক আদালত।’

শামসুজ্জামান দাবি করেন, ‘আজকের হরতালে ফেনী, যশোর ও চাঁপাইনবাবগঞ্জে তিনজন নিহত হয়েছেন। এ ছাড়াও ১০৯ জনের বেশি আহত ও ৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

শামসুজ্জামান বলেন, দুই দিনের হরতালের স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে জনগণ প্রমাণ করেছে, তারা খুনি ও অগণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় দেখতে চায় না। তারা এই সরকারের পদত্যাগ চায়।

শামসুজ্জামান বলেছেন, বিরোধী দলকে মিছিল-মিটিং করতে দেওয়া হচ্ছে না, অন্যদিকে গণজাগরণ মঞ্চ ভেঙে দেওয়ার পরও আজকে আবার আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় নৃত্যগীতের ব্যবস্থা করতে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী বলেছেন, বায়তুল মোকাররম এলাকায় কোরআন শরিফ পোড়ানোর ঘটনায় বিএনপির নেত্রীও হুকুমের আসামি হবেন। এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে শাসসুজ্জামান বলেন, ‘ওই ঘটনার তদন্ত হলে বোঝা যাবে কার বিরুদ্ধে কী মামলা হবে।’ বোরবারের সমাবেশের নিয়ন্ত্রণ ১৮-দলের হাতে চলে গিয়েছিল—হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব জুনায়েদ বাবুনগরীর এ বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, জুনায়েদ বাবুনগরী এ কথা সাংবাদিকদের সামনে বলেননি, পুলিশের সামনে বলেছেন। পুলিশের বক্তব্য অনেক সময় আদালতও গ্রহণ করেন না।