কামারুজ্জামানের রিভিউ শুনানিতে আদালতের উষ্মা

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানির জন্য আবার সময় চাওয়ায় উষ্মা প্রকাশ করেছেন সর্বোচ্চ আদালত। আদালত আসামিপক্ষকে বলেছেন, তাঁরা আদালতের সঙ্গে তামাশা করছেন। পরে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির বেঞ্চ শুনানি ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেন।
রিভিউ আবেদনের শুনানি চার সপ্তাহের জন্য মুলতবি চেয়ে গতকাল মঙ্গলবার কামারুজ্জামানের আইনজীবীরা সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় একটি আবেদন করেন। পুনর্বিবেচনার আবেদনের সঙ্গে মুলতবির আবেদনটি শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় আসে।
শুনানির সময় আসামিপক্ষের আইনজীবী জয়নাল আবেদিন সময়ের আরজি জানিয়ে বলেন, জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তিনি শুনানি মুলতবি চান।
এ সময় আদালত বলেন, ‘অ্যাপেক্স কোর্টের সঙ্গে তামাশা করছেন। গতকালও টিভিতে দেখা গেছে খন্দকার মাহবুব হোসেন টক শো-তে কথা বলছেন। এর আগে তাঁকে প্রেস ব্রিফিং করতে দেখেছি। তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে পারেন, আর আদালতে আসতে পারেন না। আপনাদের এই মামলা শেষ করার ইচ্ছা নেই।’
পরে আদালত ৫ এপ্রিল পর্যন্ত শুনানি মুলতবি করেন।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ৯ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ডাদেশ দেন। ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করলে গত বছরের ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ ঢাকা কেন্দ্রীয় কারাগারে মৃত্যু পরোয়ানা পাঠালে সেখানে তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হয়। এরপর আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে গত ৫ মার্চ আবেদন করেন কামারুজ্জামান। এই আবেদনের শুনানির জন্য আজ দিন ধার্য ছিল।