কামারুজ্জামানের লাশ শেরপুরে না নেওয়ার অনুরোধ মুক্তিযোদ্ধাদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর হলে তাঁর লাশ শেরপুরে না পাঠাতে সরকারের কাছে দাবি জানিয়েছে জেলা মুক্তিযোদ্ধা সংসদ। এ দাবিতে গতকাল মঙ্গলবার তারা প্রশাসনের কাছে দুটি স্মারকলিপি দিয়েছে।
মুক্তিযোদ্ধা সংসদের শেরপুর জেলা ইউনিট কমান্ড গতকাল দুপুরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দেয়। সংসদের পক্ষে স্মারকলিপি দেন জেলা ইউনিট কমান্ডার আ স ম নূরুল ইসলাম, ডেপুটি কমান্ডার মো. মোয়াজ্জেম হোসেন এবং এ টি এম জিন্নত আলী।
স্মারকলিপিতে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা সংসদ এই মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেছে যে মুক্তিযোদ্ধারা শেরপুরের পবিত্র মাটিতে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের লাশ দাফন করতে দেবেন না। তাঁর লাশ আসা প্রতিহত করতে জেলায় প্রবেশের সব রাস্তায় অবস্থান নেবেন মুক্তিযোদ্ধারা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে কামারুজ্জামানের লাশ শেরপুরে না পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে অনুরোধও করা হয়েছে স্মারকলিপিতে।
এদিকে মুক্তিযোদ্ধা সংসদের এমন সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন কামারুজ্জামানের বড় ভাই মো. কফিল উদ্দিন। তিনি মুঠোফোনে প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ভাই কামারুজ্জামান নিরপরাধ। রায় কার্যকর করা হলে পরিবার মরদেহ নিজ গ্রাম শেরপুরের বাজিতখিলা ইউনিয়নের কুমরি মুদিপাড়ায় দাফন করতে চায়। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানান।