কামারুজ্জামানের সঙ্গে কাল দেখা করবেন আইনজীবীরা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তাঁর আইনজীবীরা দেখা করতে পারবেন।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির ‘প্রথম আলো’কে এ তথ্য জানান। তিনি বলেন, কারা কর্তৃপক্ষ তাঁদের (কামারুজ্জামানের আইনজীবী) কাল বেলা ১১টার দিকে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে বলেছে। আগামীকাল তাঁরা পাঁচ আইনজীবী দেখা করতে যাবেন।
রাত পৌনে আটটার দিকে জেল সুপার ফরমান আলী ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটক দিয়ে বের হন। ফাঁসি কার্যকরের ব্যাপারে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি। শুধু বলেন, ‘বাসায় যাচ্ছি।’
এদিকে কারাগারের আশপাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। র্যাবের কয়েকজন সদস্য কারাফটকের সামনে অবস্থান নিয়েছেন।
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের চূড়ান্ত রায়ের কপি আজ সন্ধ্যায় ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায়।
এর আগে বিকেলে সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ ‘প্রথম আলো’কে জানান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার বিচারপতি কামারুজ্জামানের চূড়ান্ত রায়ে সই করেছেন। এরপর বিকেলে তা ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। ট্রাইব্যুনাল থেকে সন্ধ্যায় এই কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
গত সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের চার বিচারপতি এ রায় দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানান, এখন মৃত্যুদণ্ড থেকে রেহাই পেতে হলে কামারুজ্জামানকে একমাত্র রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে হবে। রাষ্ট্রপতি ক্ষমা করলে তবেই মৃত্যুদণ্ড থেকে রেহাই পাবেন তিনি।
কারা প্রশাসনের কর্মকর্তারা জানান, আইন অনুসারে রায়ের অনুলিপি হাতে আসার সঙ্গে সঙ্গে তা কামারুজ্জামানকে পড়ে শোনানো হবে। এরপর তাঁর কাছে জানতে চাওয়া হবে, তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইবেন কি না। তিনি যদি প্রাণভিক্ষার জন্য আবেদন করতে চান, তবে সেই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ফাঁসির রায় কার্যকর করা যাবে না। আর তিনি যদি প্রাণভিক্ষা চাইতে রাজি না হন, তাহলে বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হবে। এরপর মন্ত্রণালয় ফাঁসির দিনক্ষণ ঠিক করে দেবে।
একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়।