কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছে পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে আজ মোহাম্মদ কামারুজ্জমানের পরিবারের সদস্যরা। ছবি: সাজিদ হোসেন
ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে আজ মোহাম্মদ কামারুজ্জমানের পরিবারের সদস্যরা। ছবি: সাজিদ হোসেন

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে দেখা করেছেন তাঁর পরিবারের আট সদস্য। আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে পরিবারের সদস্যরা ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর সঙ্গে দেখা করেন।
কামারুজ্জামানের বড় ছেলে হাসান ইকবাল প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আজ সকালে বাবার সঙ্গে আমাদের পরিবারের সদস্যরা দেখা করেছেন। পরিবারের সদস্যরা সেখানে ৪০-৪৫ মিনিট ছিলেন। তবে আমি সেখানে ছিলাম না। আমার মা, স্ত্রী, বোনসহ আরও কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।’
কী কথা হয়েছে—এ বিষয়ে জানতে চাইলে কামারুজ্জামানের ছেলে বলেন, তিনি সবার কাছে দোয়া চেয়েছেন ও তাঁর জন্য চিন্তা করতে বারণ করেছেন। এ বিষয়ে আর বিস্তারিত কিছু বলেননি হাসান ইকবাল। ফাঁসির আদেশের বিরুদ্ধে রিভিউ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই রিভিউ আবেদন করা হবে।