কামারুজ্জামানের সঙ্গে পরিবারের সাক্ষাৎ বিকেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের দেখা করতে বলেছে কারা কর্তৃপক্ষ। আজ শনিবার বিকেল চারটা থেকে পাঁচটার মধ্যে কারাগারে গিয়ে তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের দেখা করতে বলা হয়েছে।

জামায়াতে ইসলামীর এই সহকারী সেক্রেটারি জেনারেলের আইনজীবী শিশির মনির আজ শনিবার দুপুর দেড়টার দিকে প্রথম আলোকে মোবাইল ফোনে এ তথ্য জানান।

কামারুজ্জামানের ফাঁসি আজ কার্যকর করা হবে বলে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। এ বিষয়ে আজ দুপুরে তিনি প্রথম আলোকে বলেন, ফাঁসি কার্যকরের প্রক্রিয়া সম্পন্নের পথে। আজই তাঁর ফাঁসি কার্যকর করা হবে।

এর আগে গতকাল শুক্রবার প্রাণভিক্ষার জন্য কামারুজ্জামান কোনো আবেদন করবেন না বলে জানানোর পর তাঁর ফাঁসি কার্যকরের প্রস্তুতি শুরু হয়। তবে কাল শুক্রবার রাতে সব প্রস্তুতির পরও রায় কার্যকর করা হয়নি। এ বিষয়ে গতকাল রাতে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান প্রথম আলোকে জানান, ‘কামারুজ্জামানের ফাঁসি আজকে (শুক্রবার) হবে না, কালকে (শনিবার) হবে।’

সরকারি সূত্র জানায়, প্রাণভিক্ষার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানতে গতকাল সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে গিয়ে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা জেলার ম্যাজিস্ট্রেট মাহবুব জামিল ও তানভীর মোহাম্মদ আজিম।

নাম প্রকাশে অনিচ্ছুক পদস্থ একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, দুই ম্যাজিস্ট্রেটকে কামারুজ্জামান বলেছেন, তিনি প্রাণভিক্ষা চাইবেন না। কিন্তু দণ্ড কার্যকর করার জন্য তিনি আরও কিছু সময় চান। নিয়ম অনুসারে তিনি সাত দিন সময় পাবেন বলে দাবি করেন।

গত বুধবার সন্ধ্যায় কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ আদেশের কপি কারাগারে পৌঁছায়। কারা কর্তৃপক্ষ তাঁকে রায় পড়ে শোনায়। এরপর তাঁর কাছে জানতে চায়, তিনি প্রাণভিক্ষার আবেদন করবেন কি না। কামারুজ্জামান এ ব্যাপারে আইনজীবীর সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত জানানোর কথা বলেন। সে অনুযায়ী গত বৃহস্পতিবার সকালে তাঁর আইনজীবীরা কারাগারে দেখা করেন। পরে তাঁর আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, ক্ষমা চাওয়ার ব্যাপারে তিনি ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। তিনি তাঁর সিদ্ধান্তের কথা কারা কর্তৃপক্ষকে জানাবেন। এরপর গতকাল কামারুজ্জামানের কাছে প্রাণভিক্ষার ব্যাপারে জানতে চান ম্যাজিস্ট্রেট।

একাত্তরে শেরপুরের সোহাগপুর গ্রামে ১৪৪ জনকে হত্যা ও নারী নির্যাতনের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছরের ৩ নভেম্বর সোহাগপুর হত্যাকাণ্ডের দায়ে সংখ্যাগরিষ্ঠ মতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হলে ৫ মার্চ তা পুনর্বিবেচনার আবেদন করেন কামারুজ্জামান। দুই দফা শুনানি পেছানোর পর গত রোববার আপিল বিভাগে ওই আবেদনের শুনানি হয়। ৬ এপ্রিল দেওয়া রায়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রাখেন।