কামারুজ্জামানের সনদ নিয়ে সন্দেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের স্নাতকোত্তর ডিগ্রির সনদ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এই সন্দেহ প্রকাশ করেন।এদিকে ট্রাইব্যুনাল কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষে চারজন সাক্ষ্য দিতে পারবেন বলে নির্দিষ্ট করে দিয়েছেন।গতকাল এই মামলার তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খানকে পঞ্চম দিনের মতো জেরা করেন আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী। জেরার একপর্যায়ে কফিল উদ্দিন মত (সাজেশন) দেন, ১৯৭৫ সালে কামারুজ্জামানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এবং ১৯৭৮ সালে স্নাতকোত্তর (এমএসএস) পাস করার বিষয়টি অসত্য এবং তথ্যভিত্তিক নয়। জবাবে আবদুর রাজ্জাক খান বলেন, এটা সত্য নয়। এ সময় তিনি একটি নথি ট্রাইব্যুনালকে দিয়ে তা দেখতে অনুরোধ করেন।নথিটি দেখে ট্রাইব্যুনাল আসামিপক্ষের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে কামারুজ্জামানের স্নাতকোত্তর পাসের সনদ দেখতে চান। আসামিপক্ষ সনদের ফটোকপি উপস্থাপন করে। তা দেখে ট্রাইব্যুনাল বলেন, সনদে ইংরেজিতে ঢাকার যে বানান রয়েছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। সনদটি ১৯৭৮ সালের। সে সময় ‘ঢাকা’র বানান ছিল ‘Dacca’। কিন্তু সনদে লেখা ‘ঢাকা’ বানানটি বর্তমানে যেভাবে লেখা হয় (Dhaka), সেভাবে রয়েছে। এটি যথেষ্ট সন্দেহের উদ্রেক করে।ট্রাইব্যুনাল বলেন, ১৯৮২ সালে এইচ এম এরশাদ ক্ষমতায় আসার আগে ঢাকার বানান ছিল ‘Dacca’। তিনি ক্ষমতায় আসার পর ঢাকার বানান বদলে ‘Dhaka’ করা হয়। পরে ট্রাইব্যুনাল সনদের মূল কপি দেখতে চান।পরে আসামিপক্ষের আরেক আইনজীবী শিশির মুনির ট্রাইব্যুনালে মূল সনদপত্র উপস্থাপন করে বলেন, মূল সনদটি সিন্ডিকেটে পাস হয়েছে ১৯৭৮ সালে। কিন্তু কামারুজ্জামান সেটি তুলেছেন ১৯৯২ সালে। তাই সেখানে ঢাকা বানানটি ইংরেজিতে বর্তমান বানানে লেখা আছে। ট্রাইব্যুনাল মূল সনদটি নিয়ে বলেন, এটা তাঁরা দেখবেন।পরে আসামিপক্ষের আইনজীবী কফিল উদ্দিনকে রোববারের মধ্যে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল।আসামিপক্ষে চার সাক্ষী সাক্ষ্য দিতে পারবেন: এদিকে এই মামলায় আসামিপক্ষে সাক্ষী নির্দিষ্ট করতে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশে ট্রাইব্যুনাল বলেন, আসামিপক্ষের সাক্ষীর সংখ্যা চারজনে নির্দিষ্ট করে দেওয়া হলো। কোনো ধরনের মুলতবি ছাড়া সাক্ষ্য গ্রহণ করতে হবে। প্রস্তুতির সুবিধার্থে আসামিপক্ষের সাক্ষীদের এই তালিকা রাষ্ট্রপক্ষকে সরবরাহ করতে বলা হয়েছে।কামারুজ্জামানের পক্ষে সাফাই সাক্ষ্য দেওয়ার জন্য আসামিপক্ষ এক হাজার ৩৫৪ জনের তালিকা দিয়েছিল। আসামিপক্ষের সাক্ষীদের তালিকা নির্দিষ্ট করে দিতে রাষ্ট্রপক্ষের আবেদনের বিষয়ে গত মঙ্গলবার শুনানি হয়। শুনানি শেষে ট্রাইব্যুনাল আদেশের জন্য গতকাল দিন ধার্য করেন।