কামারুজ্জামানের সাক্ষাৎ চান আইনজীবীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির। ফাইল ছবি
কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের সঙ্গে কারাগারে দেখা করার আবেদন করছেন তাঁর আইনজীবীরা।

আজ সোমবার বেলা ১১টার দিকে মুঠোফোনে কামারুজ্জামানের আইনজীবী শিশির মনির প্রথম আলোকে বলেন, এ-সংক্রান্ত একটি আবেদন নিয়ে তাঁরা কারা কর্তৃপক্ষের কাছে যাচ্ছেন। তিনিসহ (শিশির) মোট পাঁচজন আইনজীবী আজ বিকেল চারটায় কামারুজ্জামানের সঙ্গে দেখা করার জন্য সময় চাইবেন।

সাক্ষাতের কারণ সম্পর্কে জানতে চাইলে শিশির মনির বলেন, পুনর্বিবেচনার (রিভিউ) রায়ের বিষয়টি কামারুজ্জামানকে জানানো হবে। এ ছাড়া রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া হবে কি না, তাঁর সঙ্গে আলোচনা করে তা ঠিক করা হবে।

কামারুজ্জামানের একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার-প্রক্রিয়া শেষ হয়েছে। তাঁর ফাঁসির রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ আজ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী।

একাত্তরে সোহাগপুর গ্রামে নির্বিচার হত্যাযজ্ঞের দায়ে ২০১৩ সালের ৯ মে কামারুজ্জামানকে ফাঁসির আদেশ দেন ট্রাইব্যুনাল-২। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করে আসামিপক্ষ। গত বছর ৩ নভেম্বর আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতে ফাঁসির ওই আদেশ বহাল রাখেন। গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। পরদিন ট্রাইব্যুনাল-২ মৃত্যু পরোয়ানায় সই করে কারাগারে পাঠালে সেখানে বন্দী কামারুজ্জামানকে তা পড়ে শোনানো হয়। পরে ৫ মার্চ ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন করে আসামিপক্ষ। আজ সেই আবেদন খারিজ করেন আপিল বিভাগ। এতে কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রইল।