কামারুজ্জামানের ৫ম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের শেষ সময় কাল
জামায়াতে ইসলামীর নেতা মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর পক্ষে পঞ্চম ও শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য আগামীকাল বুধবার শেষ সময় নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল-২।বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গতকাল সোমবার এই দিন ধার্য করেন।জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের পঞ্চম ও শেষ সাক্ষীর ধার্য দিন গতকাল সাক্ষী ও কামারুজ্জামানের জ্যেষ্ঠ আইনজীবীরা কেউ আসেননি। এ সময় আসামিপক্ষের সহকারী আইনজীবী গাজী এম এইচ তামিম ট্রাইব্যুনালকে বলেন, ‘অনিবার্য কারণে’ জ্যেষ্ঠ আইনজীবীরা আসেননি। তিনি ট্রাইব্যুনালের কাছে সময় চান। এ সময় ট্রাইব্যুনাল বলেন, ‘বারবার বলা হচ্ছে, এভাবে হরতালের কারণে সময় দেওয়া হবে না। তার পরও আপনারা একইভাবে সময় নষ্ট করছেন। ট্রাইব্যুনালে বিচারকেরা আসছেন আর আইনজীবীরা আসতে পারেন না?’ট্রাইব্যুনাল বুধবার পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য শেষ দিন নির্ধারণ করে দিয়ে বলেন, ওই দিন সাক্ষ্য দিতে না পারলে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করা হবে।দুটি আবেদন খারিজ: একই ট্রাইব্যুনাল গতকাল কামারুজ্জামানের দুটি আবেদন খারিজ করেছেন। এই আবেদন দুটি হলো, আসামিপক্ষের তৃতীয় সাক্ষী কামারুজ্জামানের ছেলে মোহাম্মদ হাসান ইকবালের সাক্ষ্য আবার গ্রহণ এবং আসামিপক্ষের কিছু নথি গ্রহণ করা।