কামাল ইবনে ইউসুফকে বিএনপির কর্মী সংগ্রহের সভায় যেতে বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফকে গতকাল ফরিদপুরে একটি ইউনিয়নে বিএনপির কর্মী সংগ্রহ উপলক্ষে আয়োজিত সভায় যেতে দেয়নি পুলিশ। শহরের মুজিব সড়ক ও গোয়ালন্দ-তারাইল সড়কের সংযোগস্থল চার রাস্তার মোড় (বেড়িবাঁধ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে l প্রথম আলো
সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফকে গতকাল ফরিদপুরে একটি ইউনিয়নে বিএনপির কর্মী সংগ্রহ উপলক্ষে আয়োজিত সভায় যেতে দেয়নি পুলিশ। শহরের মুজিব সড়ক ও গোয়ালন্দ-তারাইল সড়কের সংযোগস্থল চার রাস্তার মোড় (বেড়িবাঁধ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে l প্রথম আলো

সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফকে ফরিদপুরে একটি ইউনিয়নে বিএনপির কর্মী সংগ্রহ উপলক্ষে আয়োজিত সভায় যেতে দেয়নি পুলিশ। পরে নেতারা বাধা দেওয়া স্থানে বক্তব্য দেওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়।

গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে ফরিদপুর শহরের মুজিব সড়ক ও গোয়ালন্দ-তারাইল সড়কের সংযোগস্থল চার রাস্তার মোড় (বেড়িবাঁধ মোড়) এলাকায় এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া ওরফে স্বপন প্রথম আলোকে বলেন, ফরিদপুর সদরের ডিক্রিরচর এলাকার ধলার মোড়ে গতকাল বিকেলে বিএনপির কর্মী সংগ্রহ উপলক্ষে এক সভা আহ্বান করা হয়। ওই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেওয়ার কথা ছিল চৌধুরী কামাল ইবনে ইউসুফের। ওই সভায় যোগ দিতে কামাল ইবনে ইউসুফ সফরসঙ্গীদের নিয়ে যাওয়ার সময় বিকেল সাড়ে চারটার দিকে মুজিব সড়ক ও গোয়ালন্দ-তারাইল সড়কের সংযোগস্চার রাস্তার মোড়ে বাধা দেয় পুলিশ।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের কথা-কাটাকাটি হয়। বিএনপির নেতারা বলেন, পুলিশ সুপারের কাছে সভা করার অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। তাঁরা আবেদনপত্রের একটি কপি পুলিশ কর্মকর্তাদের দেখান। কিন্তু পুলিশ তাঁদের কোনো আবেদনে কর্ণপাত করেনি। পরে কামাল ইবনে ইউসুফ ওই মোড়ে বক্তব্য রাখা শুরু করলে পুলিশ লাঠিপেটা করে তা পণ্ড করে দেয়।

ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, বিএনপির নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফ অবৈধ জনসমাবেশ করার জন্য যাচ্ছিলেন। ওই সমাবেশের জন্য কোনো অনুমতি পুলিশের বিশেষ শাখা থেকে নেওয়া হয়নি বিধায় সমাবেশটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে চৌধুরী কামাল ইবনে ইউসুফ বলেন, ‘বর্তমান সরকার গণতন্ত্রের নাম-নিশানা মুছে ফেলে দেশে একদলীয় পদ্ধতি চালু করার পাঁয়তারা করছে। সরকার বিএনপির কর্মকাণ্ডে ভীত হয়ে আমাদের যাবতীয় কর্মকাণ্ডে বাধা দিচ্ছে। কিন্তু এভাবে বেশি দিন জনগণের কণ্ঠ রোধ করা যাবে না।’