কামাল কারাগারে জবানবন্দি দেননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার মামলার সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া মো. কামাল গতকাল রোববার আদালতে জবানবন্দি দেননি। পরে আদালত তাঁকে কারাগারে পাঠিয়ে দেন।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সূত্র জানায়, কামাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে রাজি হওয়ায় তাঁকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে জবানবন্দি নিতে আবেদন করা হয়। কিন্তু তিনি জবানবন্দি দিতে রাজি না হওয়ায় আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত শনিবার কামালের দুই দিনের রিমান্ড শেষ হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই দীপক কুমার দাস গতকাল প্রথম আলোকে বলেন, পয়লা বৈশাখে বর্ষবরণের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনার ঘটনায় পুলিশ আটজনের ভিডিও ফুটেজ প্রকাশ করে। এর একটি ছবির সঙ্গে কামালের চেহারায় মিল রয়েছে। রিমান্ডে কামাল বিশ্ববিদ্যালয় এলাকায় যাওয়ার কথা স্বীকার করলেও ঘটনার বিষয়ে কিছুই জানেন না বলে আসছেন। এখন মূল মামলা পুনর্জীবিত হলে তাঁকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে। এ মামলায় তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

শুনানিতে অংশ নিয়ে কামালের আইনজীবী মো. হেমায়েতউদ্দিন খান আদালতকে বলেন, কামাল তাঁর স্ত্রী ও দুই শিশু সন্তান নিয়ে বর্ষবরণ উৎসবে যোগ দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন। এক বছরের শিশুসন্তান কামালের কোলে ছিল। হঠাৎ লোকের ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় স্ত্রী ও সন্তানকে ভিড়ের মধ্যে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। কামাল লম্বা হওয়ায় অনেক মানুষের পেছন থেকে তাঁর ছবিটি হয়তো সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। কামাল নারী লাঞ্ছনায় জড়িত নন। তাই তাঁকে জামিন মঞ্জুরের আবেদন করেন আইনজীবী হেমায়েত।

কামালের বড় ভাই মো. বাদল গতকাল বলেন, ‘প্রথম দিন থেকে আমরা বলে আসছি কামাল নারী লাঞ্ছনায় জড়িত নয়। তাকে দিয়ে নারী লাঞ্ছিত হয়েছে, এমন কোনো ছবি পুলিশের কাছেও নেই। কামাল জড়িত ছিল না বলেই আদালতে এ বিষয়ে জবানবন্দি দেয়নি।’

নারী লাঞ্ছনার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার এক মাস পর ডিবি গত বুধবার সন্ধ্যায় পুরান ঢাকার নিজ বাসার সামনে থেকে সন্দেহভাজন হিসেবে মো. কামালকে গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। একই সঙ্গে মামলাটি পুনর্জীবিত করতে আদালতে আবেদন করা হয়। নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত যে আটজনের ছবি পুলিশ প্রকাশ করে, কামাল তাঁদের একজন বলে ডিবি দাবি করেছিল।

গত বছরের পয়লা বৈশাখে নববর্ষের উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি-সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে নারী লাঞ্ছনার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে। পরে পুলিশ শাহবাগ থানায় মামলা করে। মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবিকে।